আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রবিবার 'বিকশিত ভারত সংকল্প অভিযান'-এর অধীনে ‘নশা মুক্ত যুব’ অভিযানের সূচনা করেন।
তিনি জানান, ভারতে মাদকের মরণফাঁদ ছড়ানো শত্রু দেশগুলির সন্ত্রাসী চক্রান্তেরই অংশ। দেশের তরুণ প্রজন্মকে এই লড়াইয়ে সামনে থেকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্রের খবর, মূলত যুবসমাজকে মাদকমুক্ত করতেই 'জন ভাগীদারী' কর্মসূচির অধীনে এই ১০০ সপ্তাহের বিশেষ ড্রাইভ শুরু হয়েছে।
সচেতনতা বাড়াতে প্রতি রবিবার খেলাধুলো, পদযাত্রা, ধ্যান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। প্রধানমন্ত্রীর আশা, এই ১০০টি রবিবার মাদকমুক্ত ভারতের অভিমুখে '১০০টি শক্ত পদক্ষেপ' হতে চলেছে।
কাশী (বারাণসী) থেকে পাইলট প্রজেক্ট হিসেবে যে সামাজিক উদ্যোগের সলতে পাকানো হয়েছিল, তা আজ জাতীয় প্রকল্পের রূপ নিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী মোদি।
‘বিকশিত ভারত’-এর লক্ষ্যে পৌঁছতে গেলে তরুণদের শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকা জরুরি- এ কথা মনে করিয়ে দিয়ে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, এই লড়াই কেবল ব্যক্তি বা সমাজের নয়, সর্বোপরি দেশের সুরক্ষার লড়াই।
















