আজকাল ওয়েবডেস্ক : কোচিন বিমানবন্দরে গ্রেপ্তার করা হল এয়ার ইন্ডিয়ার এক বিমানযাত্রীকে। বিমানবন্দরে তার ব্যাগ রুটিন তাল্লাশি করার সময় তিনি নিরাপত্তা কর্মীকে বলেন আমার ব্যাগে কী বোমা রাখা আছে? এই প্রশ্ন করার পরেই নড়েচড়ে বসে নিরাপত্তা কর্মীরা।


তারা তখনই ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ধৃত ব্যাক্তির নাম মনোজ কুমার। তার বয়স ৪২ বছর। কোচি থেকে মুম্বাই যাচ্ছিলেন ওই ব্যক্তি। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় বম্ব ডিসপোজাল টিমকে। তারা এসে বিমানবন্দর খুঁজে দেখেন সেখানে বোমা আছে কিনা। যে বিমানে করে মনোজের যাওয়ার কথা ছিল সেটিও ভাল করে খতিয়ে দেখা হয়। এরফলে বিমান পরিষেবা কিছু সময়ের জন্য বিলম্ব হয়।


বিমানবন্দর চত্বরে কিছুই মেলেনি। কিছু সময় পরে ফের স্বাভাবিক হয় পরিষেবা। মনোজ কুমার নামের ওই ব্যক্তিকে স্থানীয় পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। কেন সে এই ধরণের একটি মন্তব্য করল সেটা জানতে শুরু হয়েছে তদন্ত। প্রসঙ্গত, কিছুদিন ধরে বিমানে এই ধরণের কাণ্ড চলছে। নানা ভাবে বিরক্ত করা হচ্ছে বিমান পরিষেবা। কারা এর পিছনে রয়েছে তা খুঁজে বের করাই এখন প্রধান কাজ।