আজকাল ওয়েবডেস্ক: মোদী সরকার আমলাদের জন্য ‘এক আধিকারিক, একটি সরকারি গাড়ি’ নীতি চালু করেছে। এর উদ্দেশ্য হল সরকারি যানবাহনের অপব্যবহার রোধ করা এবং সরকারি ব্যয় হ্রাস করা। অর্থ মন্ত্রকের অধীনস্থ ব্যয় বিভাগ কর্তৃক জারি করা নতুন নির্দেশিকা অনুসারে, কোনও আধিকারিককে ইতিমধ্যে একটি সরকারি গাড়ি বরাদ্দ করা হলে, তাঁকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও দ্বিতীয় কোনও সরকারি গাড়ি দেওয়া হবে না।
অর্থ মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, কোনও আধিকারিককে অন্য কোনও মন্ত্রক, বিভাগ, সরকারি সংস্থা (পিএসইউ) বা স্বায়ত্তশাসিত সংস্থার অতিরিক্ত দায়িত্ব দেওয়া হলেও তাঁকে দ্বিতীয় কোনও সরকারি গাড়ি বরাদ্দ করা হবে না। কেন্দ্রের তরফে সমস্ত মন্ত্রক ও বিভাগকে নতুন নীতিটি কঠোরভাবে বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছে। এছাড়াও নির্দেশ দেওয়া হয়েছে যে অব্যবহৃত সরকারি যানবাহনগুলি নির্ধারিত স্থানে রাখতে হবে এবং অপ্রয়োজনে ব্যবহার করা যাবে না।
নির্দেশে আরও স্পষ্ট করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারি আধিকারিকদের রাষ্ট্রায়ত্ত সংস্থা (পিএসইউ), স্বায়ত্তশাসিত সংস্থা বা আধা-সরকারি প্রতিষ্ঠানের যানবাহন ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না। তবে, দপ্তরের সফরের ক্ষেত্রে একটি ব্যতিক্রম রাখা হয়েছে, যার ফলে আধিকারিকরা সরকারি কাজের জন্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে থাকাকালীন এই ধরনের যানবাহন ব্যবহার করতে পারবেন। ব্যয় বিভাগ জানিয়েছে যে, ২০২২ সালের সেপ্টেম্বরে প্রকাশিত নির্দেশিকাগুলির বাস্তবায়ন জোরদার করার জন্য এই আদেশ জারি করা হয়েছে।
সরকারের মতে, এর উদ্দেশ্য হল সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা, একজন আধিকারিককে একাধিক সরকারি গাড়ি দেওয়া প্রতিরোধ করা এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করা। আশা করা হচ্ছে, এই নীতি সরকারি গাড়ির অপ্রয়োজনীয় ব্যবহার রোধ করবে, জ্বালানি ও রক্ষণাবেক্ষণ খরচ কমাবে এবং সরকারি তহবিলের সাশ্রয়ও হবে।
















