আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবারের একটা সুন্দর বিকেলবেলা। ওড়িশার গনজাম জেলার এক প্রত্যন্ত গ্রাম। কেউ আশাই করেনি একটু বাদেই ঘটে যাবে ভয়ঙ্কর কাণ্ড। এক কিশোরের হাতে ফেটে যাবে বিস্ফোরক।
১৪ বছরের ওম প্রকাশ ভুঁইয়া ও আট বছরের গণেশ ভুঁইয়া বাড়ির সামনে খেলা করছিল। খেলতে খেলতে আচমকাই রাস্তার ধারে তারা দেখতে পায় একটি গোলাকার বস্তু। বল ভেবে সেই বল কুড়িয়ে নিয়ে খেলতে শুরু করে দু’জন। রীতিমতো লোফালুফি করতে থাকে তারা। এক হাত থেকে অন্য হাতে ঘুরতে থাকে ওই গোলাকার বস্তু। আচমকাই ওম প্রকাশের হাতে ফেটে যায় ওই গোলাকার বস্তু। বিস্ফোরণের আওয়াজ শুনে এলাকাবাসীরা দ্রুত ঘটনাস্থলে যায়। ঘটনায় ওম প্রকাশ গুরুতর আহত হয়েছে। তাকে দ্রুততার সঙ্গে বীরহামপুর মেডিক্যাল কলেজে নিয়ে আসা হয়। তবে গণেশের খুব বেশি আঘাত লাগেনি। এই ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে।
এলাকায় বিস্ফোরক কোথা থেকে এল, এই ঘটনার পিছনে কে রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। গোটা বিষয়টি নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে এলাকাবাসীর মধ্যে। এলাকার মধ্যেই কেউ এমন বিস্ফোরক তৈরি করছেন কিনা, বা বিস্ফোরক পাচারচক্রে কেউ জড়িত কিনা, সে বিষয়েও পুলিশ কিছু জানায়নি এখনও। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
















