আজকাল ওয়েবডেস্ক: হুইলচেয়ারে করে নিয়ে যেতে হবে, তাই দিতে হবে ১০ হাজার টাকা! এক অনাবাসী ভারতীয়র মেয়ের কাছে এই দাবি করেছিলেন দিল্লির হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশনের একজন কুলি। যা জানাজানি হতেই পদক্ষেপ করে রেল কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে অভিযুক্ত কুলির লাইসেন্স।
পুলিশ জানায়, ওই কুলি এক এনআরআই-এর মেয়ে পায়েলের হুইলচেয়ার এবং লাগেজ প্ল্যাটফর্ম পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন গত ২৭ ডিসেম্বর। এর জন্য সেই কুলি ১০ হাজার টাকা দিতে বলেন। অথচ এই সুবিধা নিখরচায় পাওয়ার কথা যাত্রীদের। কিন্তু কুলির হম্বিতম্বি দেখে ওই টাকা তাঁকে দিয়ে দেয় মেয়েটি। পরে বিনামূল্যে সুবিধার কথা জেনেই তিনি মামলা দায়ের করেন।
বিষয়টি নজরে আসে ভারতীয় রেলওয়ে কর্তাদের। হজরত নিজামউদ্দিন রেলওয়ে স্টেশন কর্তৃপক্ষ ঘটনার সত্যতা যাচাই করতে তদন্তে নামে। সিসিটিভি দেখে অভিযুক্তকে সনাক্ত করা হয়। ঘটনা সত্যি প্রমাণিত হওয়ায় ওই কুলির লাইসেন্স বাতিল করা হয়। এছাড়াও লাইসেন্স বাতিলের পাশাপাশি ওই কুলির থেকে ৯ হাজার টাকা এনআরআই-কে ফেরতও দেওয়া হয়েছে।
নর্দার্ন রেলওয়ে জানিয়েছে, এই সব ক্ষেত্রে রেল জিরো টলারেন্স নীতি মেনে চলে এবং দিল্লি ডিভিশনের তরফে ওই কুলির ব্যাজ নিয়ে নেওয়া হয়েছে।
হয়রানির কোনও ঘটনা ঘটলেই যাত্রী ১৩৯ নম্বরে যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন রেল কর্তারা।
