আজকাল ওয়েবডেস্ক: বুধবার নয়ডার মামুরা গ্রামে একটি পাঁচ তলা আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। ঘটনার জেরে মৃত্যু হল দুই বাসিন্দার। প্রাথমিক অনুমান, একতলার পার্কিংয়ে একটি বিদ্যুৎচালিত গাড়ি (ইভি) চার্জ দেওয়ার সময় স্ফুলিঙ্গ থেকেই এই বিপত্তি।
জানা গিয়েছে, মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা পেট্রল চালিত গাড়িগুলিতে। চোখের নিমেষে গোটা ভবন কালো ধোঁয়ায় ঢেকে যায়।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, খবর পেয়েই দমকলের সাতটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এরপর যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করে।
বহুতলে আটকে পড়া প্রায় ৫০টি পরিবারকে সুরক্ষিতভাবে বের করে আনা সম্ভব হয়েছে। কিন্তু কালো ধোঁয়ার কারণে দমবন্ধ হয়ে অসুস্থ হয়ে পড়েন দু'জন। হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁদের মৃত ঘোষণা করা হয়।
এই ঘটনায় গাফিলতির অভিযোগে ইতিমধ্যেই বহুতলের মালিককে হেফাজতে নিয়েছে পুলিশ। ঘটনার খোঁজ নিয়ে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দ্রুত উদ্ধারকাজ শেষ করার এবং ক্ষতিগ্রস্তদের সব রকম সরকারি সাহায্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছেন।
















