আজকাল ওয়েবডেস্ক: বিহারের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। দীর্ঘদিনের মুখ্যমন্ত্রী নীতিশ সব জল্পনায় জল ঢেলে রাজ্যসভায় যেতে চলেছেন এবং তাঁর জায়গায় রাজ্যে বিজেপির নেতৃত্বে নতুন সরকার গঠনের সম্ভাবনা তৈরি হয়েছে বলে রাজনৈতিক সূত্রে জানা গেছে। যদি এই পরিকল্পনা বাস্তবায়িত হয়, তাহলে তা বিহারের রাজনীতিতে একটি যুগের অবসান ঘটাবে বলে মনে করা হচ্ছে।

রাজ্যসভার জন্য মনোনয়ন জমা দেওয়ার আগে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার রাজ্যের মানুষকে উদ্দেশ্য করে এক বার্তায় তাঁদের দীর্ঘদিনের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেছেন, বিগত দুই দশকেরও বেশি সময় ধরে মানুষের আস্থা ও সমর্থনই তাঁকে বিহারের সেবা করার শক্তি দিয়েছে।

সম্প্রতি রেকর্ড দশমবারের মতো বিহারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র চার মাসের মধ্যেই তাঁর রাজ্যসভায় যাওয়ার সিদ্ধান্ত রাজনৈতিক মহলে তীব্র জল্পনা তৈরি করেছে—তাঁর উত্তরসূরি হিসেবে কে মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেবেন, তা নিয়েই এখন আলোচনা তুঙ্গে।

এক্সে হিন্দিতে করা একটি পোস্টে নীতীশ কুমার লিখেছেন, “দুই দশকেরও বেশি সময় ধরে আপনারা আমার উপর যে আস্থা ও সমর্থন রেখেছেন, সেই বিশ্বাসের জোরেই আমরা নিষ্ঠার সঙ্গে বিহার ও আপনাদের সেবা করতে পেরেছি।”

&t=21s

নিজের রাজনৈতিক জীবনের পথচলার প্রসঙ্গ তুলে জেডিইউ–এর প্রধান নীতীশ কুমার বলেন, সংসদীয় জীবনের শুরু থেকেই তাঁর ইচ্ছা ছিল বিভিন্ন আইনসভায় কাজ করার। তাঁর কথায়, “আমার সংসদীয় জীবনের শুরু থেকেই আমার ইচ্ছা ছিল বিহার বিধানসভার দুই কক্ষ এবং সংসদের দুই কক্ষ—সব ক্ষেত্রেই সদস্য হিসেবে কাজ করার। সেই লক্ষ্য পূরণের জন্যই এবার রাজ্যসভা নির্বাচনে প্রার্থী হতে চাই।”

তবে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, রাজ্যসভায় গেলেও বিহারের মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক বা দায়বদ্ধতা কমবে না। তিনি বলেন, “আমি আপনাদের আশ্বস্ত করতে চাই যে ভবিষ্যতেও আপনাদের সঙ্গে আমার সম্পর্ক অটুট থাকবে। উন্নত বিহার গড়ার জন্য আপনাদের সঙ্গে কাজ করার অঙ্গীকারও অটল থাকবে।” নীতীশ কুমার আরও জানান, রাজ্যে যে নতুন সরকার গঠিত হবে, তাকে তিনি পূর্ণ সহযোগিতা ও পরামর্শ দেবেন।

এদিকে তাঁর সম্ভাব্য অবসরের জল্পনার মধ্যেই নতুন মুখ্যমন্ত্রী কে হবেন তা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। বর্তমানে বিহারে বিজেপির  দুই উপমুখ্যমন্ত্রী রয়েছেন। তাঁদের মধ্যে প্রভাবশালী হিসেবে ধরা হয় উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীকে, যিনি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরও সামলাচ্ছেন।

সম্ভাব্য মুখ্যমন্ত্রী হিসেবে আরও একটি নাম ঘুরছে পাটনা দিঘার বিধায়ক সঞ্জীব চৌরাসিয়ার। পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী  নিত্যানন্দ রাই–এর নামও জোরালোভাবে আলোচনায় রয়েছে। যাদব সম্প্রদায়ভুক্ত নিত্যানন্দ রাই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ–এর ঘনিষ্ঠ বলেই পরিচিত।

রাজনৈতিক সূত্রের দাবি, বিভিন্ন জনসভায় অমিত শাহ একাধিকবার নিত্যানন্দ রাইকে ভবিষ্যতে বড় দায়িত্ব দেওয়ার ইঙ্গিত দিয়েছেন। পাশাপাশি বিজেপির অভ্যন্তরীণ সূত্র জানাচ্ছে, বিহারের সামাজিক সমীকরণ মাথায় রেখে নতুন মুখ্যমন্ত্রী সম্ভবত কোনও অনগ্রসর বা পিছিয়ে পড়া জাতিগোষ্ঠী থেকে বেছে নেওয়া হবে।

সব মিলিয়ে, নীতীশ কুমারের সম্ভাব্য রাজ্যসভা যাত্রা বিহারের রাজনীতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে এবং খুব শিগগিরই রাজ্যের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হতে পারে বলে মনে করা হচ্ছে।