আজকাল ওয়েবডেস্ক: ঘুমের মধ্যেই মর্মান্তিক পরিণতি একের পর এক বাসিন্দার। দাউদাউ আগুন ছড়িয়ে পড়েছিল গোটা আবাসনে।‌ পালানোর পথ ছিল না। ভোররাতে আবাসনে আটকে পড়েই জীবন্ত দগ্ধ ন'জন। এসি বিস্ফোরণে মৃত্যুমিছিল দিল্লির অভিজাত এলাকায়। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রবিবার ভোররাতে দুর্ঘটনাটি ঘটেছে দিল্লির বিবেক নগরে। পুলিশ জানিয়েছে, এখনও পর্যন্ত ন'জনের দগ্ধ নিথর দেহ উদ্ধার করা হয়েছে। অগ্নিদগ্ধ হয়েছেন আরও চারজন। তাঁরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

 

ওই এলাকায় আজ ভোররাতে একটি পাঁচতলা আবাসনে দাউদাউ করে আগুন জ্বলতে থাকে। অগ্নিকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে দমকলের ১৪টি ইঞ্জিন পৌঁছয়। ওই আবাসনের দোতলা থেকে পাঁচজনের, একতলা থেকে একজনের এবং সিঁড়ি থেকে আরও তিনজনের দগ্ধ দেহ উদ্ধার করেছে দমকল ও পুলিশ বাহিনী। 

 

পুলিশ ও দমকলের প্রাথমিক অনুমান, এসি ফেটেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটতে পারে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারার আশঙ্কা রয়েছে। দমকল সূত্রে জানা গেছে, রাত তিনটে বেজে ৪৭ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের খবর পেয়েছিল তারা। ঘটনাস্থলে পৌঁছে দেখা যায়, দোতলা থেকে চারতলা পর্যন্ত দাউদাউ করে আগুন জ্বলছে। 

 

দমকল বাহিনী জানিয়েছে, আবাসনের ভিতর থেকে ১০ থেকে ১৫ জনকে উদ্ধার করা হয়েছে। দু'জন সামান্য আহত হয়েছেন। তাঁদের গুরু তেজ বাহাদুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভোর ছ'টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এসেছে। 

 

স্থানীয়রা জানিয়েছেন, চার থেকে পাঁচজন এখনও নিখোঁজ রয়েছেন। ব্যালকনি দিয়ে বাসিন্দাদের উদ্ধার করেছে দমকল বাহিনী।‌ এখনও পর্যন্ত দু'টি পরিবারের সদস্যরা আবাসনের মধ্যেই আটকে থাকতে পারেন।