আজকাল ওয়েবডেস্ক: দেশের ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করতে বড় পদক্ষেপ কেন্দ্রের। ভারতের বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পগুলিকে এক সুতোয় বাঁধতে চালু হলো ‘স্বাস্থ্য ভারত পোর্টাল’। মূলত ‘আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন’-এর লক্ষ্য মেনেই এই নতুন প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।
এতদিন দেশের জনস্বাস্থ্য সংক্রান্ত তথ্যগুলি একেক জায়গায় একেক ভাবে থাকত। ফলে একই তথ্য বারবার নথিভুক্ত করতে হতো স্বাস্থ্যকর্মীদের। এতে কাজের গতি যেমন কমত, তেমনই ভুল হওয়ার সম্ভাবনাও থাকত। নতুন এই পোর্টালটি একটি 'একক কেন্দ্র' হিসেবে কাজ করবে। এখানে বিভিন্ন স্বাস্থ্য প্রকল্পের তথ্য একে অপরের সঙ্গে যুক্ত থাকবে।
কী কী সুবিধা হবে এই পোর্টালে?
১) একাধিক স্বাস্থ্য প্রকল্পের কাজ হবে এক জায়গাতেই।
২) একই তথ্য বারবার লেখার প্রয়োজন পড়বে না।
৩) দ্রুত রিপোর্ট তৈরি করা যাবে। প্রয়োজনে দ্রুত সরকারি সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।
সরকারি হিসেবে, এই নতুন ব্যবস্থার ফলে স্বাস্থ্যকর্মীদের কাজের চাপ অনেকটাই কমবে। পরিকাঠামোর ওপর ২০-৩০ শতাংশ চাপ কমবে বলে আশা করা হচ্ছে। এর ফলে স্বাস্থ্যকর্মীরা রোগীদের পরিষেবায় আরও বেশি সময় দিতে পারবেন।
এই পোর্টালে ‘আভা’ বা ডিজিটাল স্বাস্থ্য আইডি কার্ডের সুবিধা থাকছে। এর ফলে কোনও রোগীর চিকিৎসার পুরনো নথি বা রেকর্ড খুব সহজেই খুঁজে পাওয়া যাবে। তবে রোগীর অনুমতি ছাড়া তাঁর গোপন তথ্য অন্য কেউ দেখতে পারবে না। সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত৷
দেশের কোন প্রান্তে কোন রোগের প্রকোপ বাড়ছে বা কোথায় ওষুধের জোগান দরকার, এই পোর্টালের মাধ্যমে সরকার তা মুহূর্তের মধ্যে জানতে পারবে। সাধারণ মানুষের জন্য এর সুবিধা হলো- কাগজের কাজ কমবে। পাশাপাশি এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে গেলেও চিকিৎসার ধারা বজায় থাকবে।
সহজ কথায়, ডিজিটাল ইন্ডিয়ার হাত ধরে দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে এক ছাতার তলায় আনাই হলো ‘স্বাস্থ্য ভারত পোর্টাল’-এর মূল লক্ষ্য।















