আজকাল ওয়েবডেস্ক: আগামীকাল, ২১ জুন দেশজুড়ে আয়োজন করা হবে নিট-ইউজি পুনঃপরীক্ষা। পরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছ, নিরাপদ এবং নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, তার প্রস্তুতি হিসেবে আজ দেশজুড়ে একটি 'মক ড্রিল' বা মহড়ার আয়োজন করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ।

 

শুক্রবার এনটিএ-র তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে যে, রবিবারের এই পরীক্ষার জন্য তারা সম্পূর্ণ প্রস্তুত। পরীক্ষার গোপনীয় ও গুরুত্বপূর্ণ নথিপত্র যাতে সম্পূর্ণ সুরক্ষিতভাবে পরীক্ষা কেন্দ্রগুলিতে পৌঁছতে পারে, তার জন্য জেলা প্রশাসন, পুলিশ বাহিনী এবং বিশেষ এসকর্ট টিমকে দায়িত্ব দেওয়া হয়েছে।

 

পরীক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য:

 

আগামীকাল দুপুর ২ টো থেকে বিকেল ৫ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে পরীক্ষা। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীরা নিয়ম অনুযায়ী অতিরিক্ত সময় পাবেন। তাঁরা সন্ধ্যা ৬টা ২০মিনিট পর্যন্ত পরীক্ষা দিতে পারবেন। নিট ইউজি পুনঃপরীক্ষা হবে 'পেন অ্যান্ড পেপার' বা ওএমআর শিট মোডে এই পরীক্ষা নেওয়া হবে। দেশ ও বিদেশ মিলিয়ে মোট ২২.৭৯ লক্ষেরও বেশি পরীক্ষার্থী এবার পরীক্ষা দেবেন। ভারতের ৫৫১টি শহর এবং বিদেশের ১৪টি শহরে এই পরীক্ষার আয়োজন করা হয়েছে।

 

এনটিএ জানিয়েছে, পরীক্ষায় নজরদারির জন্য একাধিক সরকারি সংস্থা ও প্রশাসনেরর বিভিন্ন স্তরের মধ্যে কড়া পদক্ষেপ করা হয়েছে। গোটা প্রক্রিয়ার উপর স্বাধীনভাবে তত্ত্বাবধানের জন্য দেশজুড়ে ৬৭৪ জন সিটি কো-অর্ডিনেটর এবং ৬,৬৬৯ জন পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। এছাড়াও প্রতিটি কেন্দ্রে সেন্টার সুপারিনটেনডেন্ট এবং ইনভিজিলেটররা উপস্থিত থাকবেন।

 

পরীক্ষা যাতে সম্পূর্ণ স্বচ্ছ ও নিশ্ছিদ্র ভাবে সম্পন্ন হয় সে ক্ষেত্রেও করা হয়েছে কড়া পদক্ষেপ। সে জন্য পুলিশ এবং জেলা প্রশাসনের আধিকারিক-সহ মোট ২ লক্ষেরও বেশি কর্মী ও নিরাপত্তা কর্মীকে মোতায়েন করা হয়েছে বলে এনটিএ-র পক্ষ থেকে জানানো হয়েছে।

 

অন্য দিকে, আজই আবদুল্লা মহম্মদ তালিব নামের এক পরীক্ষার্থী এনটিএ-র ওয়েবসাইট থেকে নিজের 'রি-নিট ২০২৬'-এর অ্যাডমিট কার্ড ডাউনলোড করার পর সমস্যার সম্মুখীন হন। তালিবের দেশেরই কোনও কেন্দ্রে পরীক্ষা দেওয়ার কথা ছিল। কিন্তু অ্যাডমিট কার্ডে সংযুক্ত আরব আমিরশাহীর আবুধাবির একটি পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ রয়েছে।

 

জানা গিয়েছে, আবদুল্লা নাগপুর থেকে পরীক্ষার জন্য আবেদন করেছিলেন। দেশের ভেতরেই কোনও কেন্দ্র পাওয়ার আশা করেছিলেন। এই পরীক্ষার্থীর কোনও পাসপোর্ট নেই, ফলে পরীক্ষায় অংশ নিতে বিদেশে যাওয়া তাঁর পক্ষে প্রায় অসম্ভব।