আজকাল ওয়েবডেস্ক: নিট পরীক্ষার প্রশ্নফাঁস ঘিরে সম্প্রতি তোলপাড় দেশের রাজনীতি। এবার চলতি বছরের নিট পিজি পরীক্ষার আগে একগুচ্ছ পরিবর্তনের কথা ঘোষণা করল কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। আগামী ৩০ আগস্ট দেশজুড়ে আয়োজন করা হবে নিট পিজি-র। মেডিক্যালের স্নাতকোত্তরের এই প্রবেশিকা পরীক্ষার প্রস্তুতি পর্যালোচনা করে একাধিক সংস্কারের কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা। জানানো হয়েছে, পরীক্ষার্থীদের বিশেষ সুবিধা দিতেই এই পদক্ষেপ। স্বাস্থ্য মন্ত্রকের এই নতুন সিদ্ধান্ত স্নাতকোত্তর পরীক্ষার্থীদের ভোগান্তি অনেকটাই কমাবে বলে আশা করা হচ্ছে।
এ বছর দেশের প্রায় ৩৪০টি শহরের ১৩০০টিরও বেশি পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার আয়োজন করা হবে। এবার পরীক্ষা নেওয়া হবে একটি মাত্র শিফটে বা পর্বে। পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধার কথা মাথায় রেখে পরীক্ষাকেন্দ্র বেছে নেওয়ার নিয়মেও বড় বদল আনা হয়েছে। প্রার্থীরা এখন নিজেদের পছন্দের রাজ্য অনুযায়ী তিনটি শহরের তালিকা পছন্দ হিসেবে নিতে পারবেন। পরীক্ষা শুরুর প্রায় তিন সপ্তাহ আগে অফিসিয়াল ওয়েবসাইটে 'টেস্ট-সিটি ইনটিমেশন স্লিপ' প্রকাশ করা হবে। যাতে পরীক্ষার্থীরা আগেভাগেই যাতায়াত ও থাকার ব্যবস্থা করতে পারেন।
পরীক্ষার্থীদের স্বস্তি দিতে এবার নিট পিজি-তে প্রশ্নের সংখ্যা ২০০ থেকে কমিয়ে ১৮০টি করা হয়েছে। তবে পরীক্ষার জন্য নির্ধারিত সময় আগের মতোই ৩ ঘণ্টা ৩০ মিনিট বা ২১০ মিনিট রাখা হয়েছে। ফলে পরীক্ষার্থীরা প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য অতিরিক্ত সময় পাবেন।
পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখতে এবং পরিচয় জালিয়াতি রুখতেও নয়া পদক্ষেপ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া ও পরীক্ষার দিন আধারের মাধ্যমে তথ্য যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। কোনও কারণে আঙুলের ছাপ না মিললে চোখের মণি দিয়ে বায়োমেট্রিক স্ক্যান করে পরীক্ষার্থীর পরিচয় নিশ্চিত করা হবে।
প্রেস ইনফরমেশন ব্যুরোর দেওয়া তথ্য অনুযায়ী, এ বছর মোট ২,৭৩,১৮৩ জন নিট পিজি-র জন্য আবেদন করেছেন। যা বিগত বছরের তুলনায় ১২.৫ শতাংশেরও বেশি।
















