আজকাল ওয়েবডেস্ক: রাস্তার ধারে যত্রতত্র প্রস্রাব করার অভ্যাস রুখতে এবার এক অভিনব পদ্ধতি। মহীশূর সিটি কর্পোরেশনের উদ্যোগ। শহরের সেন্ট্রাল বাস স্ট্যান্ড সংলগ্ন একটি এলাকায় বসানো হয়েছে চকচকে স্টেইনলেস স্টিলের আয়না। 

প্রশাসনের আশা, এই আয়নার সামনে দাঁড়িয়ে কুৎসিত কাজ করতে গিয়ে অভিযুক্ত নিজেই নিজের প্রতিবিম্ব দেখে লজ্জা পাবেন। আর সেই লজ্জাবোধ থেকেই কমবে এই নোংরা অভ্যাস।

জানা গিয়েছে, বাস স্ট্যান্ডের পাশের প্রায় ৮০ মিটার লম্বা একটি দেওয়ালে এই বিশেষ প্যানেলগুলি লাগানো হয়েছে। পুরকর্তাদের মতে, এই আয়নার প্রতিফলন এতটাই স্পষ্ট যে, কেউ দেওয়ালের সামনে দাঁড়ালে পথচারীরা তাঁকে সহজেই দেখে ফেলবেন। এই 'বদ অভ্যাস' রুখতে এই অভিনব পদ্ধতি অবলম্বন করেছে পুরসভা।

অন্ধকারেও যাতে কেউ এই সুযোগ নিতে না পারে, তার জন্য আয়নাগুলির চারপাশে বসানো হয়েছে এলইডি আলো। সন্ধ্যা হলেই রাস্তার আলোর সঙ্গেই জ্বলে উঠবে এগুলি। ফলে দিন হোক বা রাত- নজরদারি চলবে সবসময়।

উল্লেখ্য, পুরো বিষয়টি বাস্তবায়িত করতে খরচ হয়েছে প্রায় ৯.৫ লক্ষ টাকা। পুরসভার দাবি, কর্ণাটক রাজ্যে এই ধরনের উদ্যোগ এই প্রথম।
 
জানা গিয়েছে, দীর্ঘদিন শহরে এই সমস্যা ছিল। সমস্যা মেটাতে প্রশাসনের এমন ‘মডেল’ যেমন প্রশংসা কুড়িয়েছে, তেমনই অনেকে আবার এর স্থায়ী সমাধান নিয়ে প্রশ্নও তুলেছেন।