আজকাল ওয়েবডেস্ক: 'এল নিনো'-র প্রভাব এ বার টের পাওয়া যাচ্ছে বিশ্বজুড়ে। ভারতেও কোথাও হঠাৎ তুমুল বৃষ্টি, আবার কোথাও গরমে হাঁসফাঁস দশা। তীব্র দাবদাহ এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর দেরিতে আগমনের ফলে স্বস্তির খবর রয়েছে উত্তর ভারত তথা খোদ রাজধানী দিল্লির জন্য। উপগ্রহ চিত্রে দেখা গিয়েছে, বঙ্গোপসাগরের উত্তরাঞ্চল থেকে জম্মু-কাশ্মীর পর্যন্ত প্রায় ১,৫০০ কিলোমিটা দীর্ঘ একটি শক্তিশালী মৌসুমি অক্ষরেখা তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের মতে, এই উল্লেখরযোগ্য আবহাওয়া পরিবর্তনের ফলেই আগামী কয়েকদিন উত্তর ভারতজুড়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।

 

ভারতের আবহাওয়া দফতর জানিয়েছে, মৌসুমি অক্ষরেখাটি তৈরি হলেও এটি বর্তমানে হিমালয়ের পাদদেশের কাছাকাছি অবস্থান করছে। তবে এই অক্ষরেখাটি ধীরে ধীরে দক্ষিণে সরে এসে তার স্বাভাবিক অবস্থানে পৌঁছলেই উত্তর ভারতজুড়ে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির দাপট উল্লেখযোগ্যভাবে বাড়বে। আশা করা যায়, ১ জুলাই থেকে ৪ জুলাইয়ের মধ্যে উত্তর ভারতে বর্ষার চেনা রুপের দেখা মিলবে।

 

ভারতীয় আবহাওয়া দপ্তর উপগ্রহ ইনস্যাট-৩ডিএস থেকে পাওয়া সর্বশেষ ছবিটি হাতে পেয়েছে। আর তাতেই দেখা গিয়েছে পূর্ব ভারত থেকে শুরু করে হিমালয় পর্বতমালা পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল জুড়ে ঘন মেঘের আস্তরণ তৈরি হয়েছে। গত তিন সপ্তাহ ধরে ঝিমিয়ে ছিল মৌসুমী বায়ু। এ বার তা সক্রিয় হয়ে দেশের উত্তরভাগে বর্ষার আবহ তৈরি করতে শুরু করেছে।

 

মৌসুমী অক্ষরেখা একটি দীর্ঘ নিম্নচাপ বলয়। যাকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর মেরুদণ্ড বলা চলে। এই অক্ষরেখাই আরব সাগর এবং বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পভরা বাতাসকে ভারতের মূল ভূখণ্ডের গভীরে টেনে আনে। কিন্তু এই অক্ষরেখাটি যখন বেশি উত্তরে অর্থাৎ হিমালয়ের পাদদেশে অবস্থান করে, তখন বৃষ্টি কেবল পাহাড়ি এলাকাতেই সীমাবদ্ধ থাকে। এর ফলে দিল্লি, হরিয়ানা এবং রাজস্থানের মতো উত্তর ভারতের সমতল অঞ্চলগুলিতে প্রচণ্ড উত্তপ্ত ও শুষ্ক আবহাওয়া বজায় থাকে।

 

প্রচণ্ড গরমের সঙ্গে বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতাজনিত অস্বস্তি চরম আকার ধারণ করেছে। হরিয়ানা, রাজস্থান এবং দিল্লির কিছু অংশে বিচ্ছিন্নভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হলেও গুমোট গরম রয়ে গিয়েছে।

 

আবহাওয়াবিদদের মতে, বায়ুমণ্ডলের পরিস্থিতি এখন সেখানে বর্ষা প্রবেশের জন্য সম্পূর্ণ অনুকূল। এই মৌসুমি অক্ষরেখার পাশাপাশি চলতি সপ্তাহের শেষদিকে বঙ্গোপসাগরে নতুন একটি নিম্নচাপ অঞ্চলও তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

 

আবহাওয়াবিদদের আশা, নতুন নিম্নচাপটি, মৌসুমি বায়ুকে আরও শক্তিশালী করবে। যার ফলে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, পশ্চিম উত্তর প্রদেশ এবং রাজস্থানে টানা ভারী বৃষ্টিপাত শুরু হতে পারে।আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী দু'দিন প্রথমে বিচ্ছিন্নভাবে প্রাক-মৌসুমি বৃষ্টি হবে। সপ্তাহের মাঝামাঝি সময় থেকে পরিস্থিতি বদলাবে। সর্বত্র শুরু হবে টানা বৃষ্টি।