আজকাল ওয়েবডেস্ক: প্রধানমন্ত্রী মোদির করা প্রথম ফেসবুক সেলফি ভিডিও ভারতে বন্ধ করে দেয় মেটা! যা নিয়ে হইহই পড়ে যায়। পরে অবস্য এ জন্য ক্ষমা চেয়ে নেয় মেটা। কিছুক্ষণের মধ্যেই ফের সমাজমাধ্যমে ফিরে আসে মোদির করা সেই সেলফি ভিডিও। মেটা কর্তৃপক্ষের দাবি, কারিগরি ত্রুটির কারণে ওই কন্টেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল।
ফেসবুকের মালিক সংস্থা মেটার এক মুখপাত্র একটি বিবৃতিতে বলেছেন, "ভুলবশত কন্টেন্টটি সরিয়ে ফেলা হয়েছিল এবং পরবর্তীতে তা পুনরুদ্ধার করা হয়েছে।"
সূত্রের খবর, সরকার বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখছে। কী পরিস্থিতিতে ভিডিওটি সরিয়ে ফেলা হয়েছিল, তা খতিয়ে দেকা হচ্ছে। সরকারি আধিকারিকরা, মেটার দেওয়া ব্যাখ্যা এবং এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ঘটনাক্রম পর্যালোচনাও করছেন।
এঘটনার ব্যাখ্যা চেয়ে মেটার প্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের তলব করা হতে পারে বলেও সরকারি সূত্রে জানা গিয়েছে।
মঙ্গলবার রাত ১.২৫ মিনিট নাগাদ হঠাৎই বিষয়টি নজর আসে। ভিডিওটির নীচে থাকা 'See Why' অপশনে ক্লিক করলেই একটি বিশেষ নোটিশ দেখা যাচ্ছিল। তাতে লেখা ছিল, একটি আইনি অনুরোধের প্রেক্ষিতে ভারতের ইউজারদের জন্য এই কন্টেন্টটির অ্যাক্সেস স্থগিত রাখা হয়েছে।
নিট আন্দোলন চলাকালীন চলাকালীন জেন-জি স্টাইলেই প্রথম 'সেলফি ভিডিও' পোস্ট করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যা কয়েক লাখ মানুষ খুবই অল্প সময়ের মধ্যে দেখে ফেলেন। প্রচুর লাইক-শেয়ারও হয়। সেই জনপ্রিয় ভিডিও ফেসবুক থেকে উধাও হয়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই রহস্য দানা বাঁধে। শুরু হয় বিতর্ক।
















