আজকাল ওয়েবডেস্ক: গাজিয়াবাদের একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য। মঙ্গলবার সকালে ইন্দিরাপুরমের ‘গৌড় গ্রিন অ্যাভিনিউ’ সোসাইটির ন’তলার একটি ফ্ল্যাটে প্রথম আগুন লাগে। কিছুক্ষণের মধ্যেই সেই আগুন অন্যান্য তলাতেও ছড়িয়ে পড়ে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সকাল ৮টা ৫০ মিনিট নাগাদ আগুন লাগার খবর পাওয়া যায়। ঝোড়ো হাওয়ার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এরপর পরিস্থিতি আরও ভয়াবহ আকার নেয়।
নিমেষে কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। জানা গিয়েছে, বহুদূর থেকে এমনকী দিল্লি-মিরাট এক্সপ্রেসওয়ে থেকেও দেখা যাচ্ছিল সেই ধোঁয়া। পাশাপাশি স্বস্তির বিষয় এই যে, ফ্ল্যাটের ভেতরে কেউ আটকে পড়েননি। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৫টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এই ঘটনার খবর পাওয়া মাত্রই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ পুলিশ কমিশনার এবং জেলাশাসককে দ্রুত ঘটনাস্থলে যাওয়ার নির্দেশ দেন। উদ্ধারকাজে গতি আনার পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন, "কাজে কোনও গাফিলতি মেনে নেওয়া হবে না।"
প্রসঙ্গত, গত কয়েক দিনে রাজধানী ও সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডের একের পর এক ঘটনা। গত সপ্তাহে দিল্লির পাহাড়গঞ্জে একটি ফ্ল্যাটে আগুন লেগে এক বিশেষভাবে সক্ষম বৃদ্ধের মৃত্যু হয়।
অন্যদিকে, গৌতম বুদ্ধ নগরের সেক্টর ৭৬-এর বাজার এবং গ্রেটার নয়ডার একটি ফ্ল্যাটেও আগুন লাগার ঘটনা ঘটে। একইসঙ্গে, গ্যাস পাইপলাইনের লিকেজ থেকেও একটি অগ্নিকাণ্ডের খবর সামনে এসেছিল।















