আজকাল ওয়েবডেস্ক: ফের মর্মান্তিক দুর্ঘটনা দিল্লিতে। এবার নিয়ন্ত্রণ হারিয়ে খোলা নর্দমায় উল্টে পড়লেন এক ব্যক্তি। নর্দমায় জলের তোড়ে ভেসে মৃত্যু হল ৩২ বছরের যুবকের। দুর্ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজধানীতে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, দুর্ঘটনাটি ঘটেছে নর্থ ইস্ট দিল্লির ভজনপুরা এলাকায়। মৃতের নাম, হরিশ বেইনসলা। যুবক বিবাহিত এবং তাঁর এক সন্তান রয়েছে। স্থানীয় এক থানায় অপরাধের ঘটনার তদন্তের কাজে মাঝে মাঝে যুক্ত থাকতেন তিনি। ঘটনার দিন এক বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়েছিলেন হরিশ। বাড়ি ফেরার পথেই ঘটে দুর্ঘটনা। 

 

দুর্ঘটনার সময় হরিশের আশেপাশেই ছিলেন তাঁর বন্ধুরা। গল্প, আড্ডার মাঝেই একটি পাঁচিলে উঠে বসতে যান হরিশ। পাঁচিলে বসার সময়েই নিয়ন্ত্রণ হারিয়ে খোলা নর্দমায় উল্টে পড়েন তিনি। নর্দমার গভীরতা এবং স্রোতের কারণে তাঁকে উদ্ধার করতে বেগ পেতে হয় স্থানীয়দের। এরপর তাঁরা থানায় খবর পাঠান। 

 

ঘটনাস্থলে পুলিশ পৌঁছেও হরিশকে উদ্ধার করতে পারেনি। এরপর ডুবুরি ডেকে খোলা নর্দমা থেকে হরিশকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। দুর্ঘটনার তদন্ত জারি রয়েছে।