আজকাল ওয়েবডেস্ক: রাতের খাবারকে কেন্দ্র করে বচসার জেরে স্ত্রীকে ‘বেলুন চাকি’ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে গুরুগ্রামে স্যাফায়ার মলের কাছাকাছি এলাকায়।
মৃতার নাম মীনা দেবী(৩৫)। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামী সাহেব সাহানি রবিবার রাতে মদ্যপ অবস্থায় বাড়ি ফেরেন। সে সময় মীনা দেবী ঘুমোতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।
অভিযোগ, মদ্যপ অবস্থায় বাড়ি ফিরেই সাহানি তাঁর স্ত্রীকে রাতের খাবার তৈরি করতে বলেন। এই নিয়ে দু’জনের মধ্যে বচসা শুরু হয়। স্বামীর মদ্যপান নিয়েও প্রশ্ন তোলেন মীনা। এরপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।
পুলিশের দাবি, রাগের মাথায় সাহানি একটি ‘বেলুন চাকি’ নিয়ে স্ত্রীর উপর হামলা চালান। মীনার মাথা ও মুখে একাধিকবার আঘাত করা হয় বলে অভিযোগ করা হয়েছে। গুরুতর জখম হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে অজ্ঞান হয়ে যান মীনা।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে ওই মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা ওই মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ঘটনার সময় দম্পতির চার সন্তানের মধ্যে দুই ছেলে কাজের সূত্রে বাইরে ছিলেন।
বাকি দুই সন্তান বাড়িতেই ছিল। সাহানি দিনমজুরের কাজ করে জীবিকা নির্বাহ করতেন বলে জানা গিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।
কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত সাহেব সাহনিকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। ফরেনসিক বিশেষজ্ঞদের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে নমুনা সংগ্রহ করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
















