আজকাল ওয়েবডেস্ক: কপালে চওড়া টিপ, পরনে শাড়ি, আর সাজগোজ দেখে প্রথমটায় বোঝার উপায় ছিল না যে এঁরা আসলে কারা। রূপান্তরকামী বা 'হিজড়ে' সেজে বিয়েবাড়িতে ঢুকে দেদার 'নেগ' বা বকশিস আদায় করতে এসেছিলেন একদল যুবক। কিন্তু শেষরক্ষা হল না। শেষমেশ পর্দাফাঁস হতেই গ্রামবাসীদের, বিশেষ করে মহিলাদের গণধোলাইয়ের মুখে পড়তে হলো তাঁদের। মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলার পরাশিয়া এলাকার দরবাই গ্রামে ঘটে যাওয়া এই চাঞ্চল্যকর ঘটনার একটি ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল।
জানা গেছে, দরবাই গ্রামের একটি বিয়েবাড়িতে হঠাৎই একদল যুবক রূপান্তরকামী সেজে হাজির হন। প্রথা মেনে তাঁরা পরিবারের কাছে মোটা অঙ্কের শগুন বা বকশিস দাবি করতে থাকেন। কিন্তু তাঁদের চালচলন এবং আচরণ দেখে নিমেষেই সন্দেহ হয় উপস্থিত গ্রামবাসীদের। কোনও ঝুঁকি না নিয়ে স্থানীয়রা তড়িঘড়ি আসল রূপান্তরকামী সম্প্রদায়ের সদস্যদের খবর দেন। তাঁরা অনুষ্ঠানবাড়িতে এসে ওই যুবকদের পরিচয়পত্র এবং আসল রূপ যাচাই করতেই বেরিয়ে আসে আসল সত্যিটা। জানা যায়, রূপান্তরকামী সেজে টাকা হাতানোর ফন্দি এঁটেছিল একদল স্থানীয় যুবক।
প্রতারণার এই খবর চাউর হতেই বিয়েবাড়ির আনন্দ মুহূর্তে বদলে যায় চরম উত্তেজনায়। ক্ষোভে ফেটে পড়েন অনুষ্ঠানে উপস্থিত মহিলারা। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতারক যুবকদের একেবারে হাতেনাতে ধরে সবার সামনে তাঁদের মুখোশ খুলে দেওয়া হচ্ছে। ক্ষিপ্ত মহিলারা তাঁদের চড়-থাপ্পড় মারতে শুরু করেন এবং একপর্যায়ে তাঁদের পোশাকও টেনে খুলে নেওয়া হয়। চারিদিকে তখন চিৎকার আর চরম বিশৃঙ্খলা। উপস্থিত অনেকেই নিজেদের মোবাইল ক্যামেরায় এই পুরো দৃশ্যটি বন্দি করেন, যা এখন নেটপাড়ায় চর্চার কেন্দ্রে।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই জেলায় এই ধরনের জালিয়াতি এবারই প্রথম নয়। এর আগেও বিভিন্ন বিয়েবাড়ি বা শুভ অনুষ্ঠানে এই যুবকেরা একইভাবে রূপান্তরকামী সেজে সাধারণ মানুষের আবেগ ও বিশ্বাসকে কাজে লাগিয়ে টাকা কামাতো। বারবার পার পেয়ে গেলেও এবার আর ভাগ্য সহায় ছিল না তাঁদের। তবে এই ভাইরাল ভিডিও এবং ঘটনার বিষয়ে পুলিশের তরফ থেকে এখনো পর্যন্ত কোনও সরকারি বয়ান বা প্রতিক্রিয়া মেলেনি। পুরো বিষয়টি নিয়ে এলাকায় এখনো চাপা উত্তেজনা রয়েছে।















