আজকাল ওয়েবডেস্ক: চলতি বছরের বিধানসভা ভোটে বাংলার পাশাপাশি ক্ষমতার পালাবদল হয়েছে কেরালাতেও। পশ্চিমবঙ্গে সরকার গঠন করেই মহিলাদের জন্য বড় ঘোষণা করে বিজেপি-র নেতৃত্বাধীন সরকার। গত ১ জুন থেকে কার্যকর হয় সরকারি বাসে মহিলাদের বিনামূল্যে যাতায়াতের পরিষেবা। এ বার সে পথেই হাঁটল কেরালার নবনির্বাচিত সরকারও। কেরালাতে কংগ্রেসের নেতৃত্বাধীন ইউডিএফ সরকারের তরফেও আনুষ্ঠানিকভাবে চালু হতে চলেছে 'প্রিয়দর্শিনী' প্রকল্প। ইউডিএফ সরকারের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি 'ইন্দিরা গ্যারান্টি'-র অংশ হিসেবে আজ অর্থাৎ সোমবার থেকে চালু হবে এই পরিষেবা।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, আজ সকাল সাড়ে ৮টায় থাম্পানুর কেরল স্টেট রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (কেএসআরটিসি) বাস স্টেশনে এই ঐতিহাসিক প্রকল্পের সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভি. ডি. সতীশন। সম্পূর্ণ নারীদের দ্বারা পরিচালিত একটি বাসের উদ্বোধনের মাধ্যমে আনুষ্ঠানিক সূচনা হবে এই প্রকল্পের। সমগ্র রাজ্যে মহিলাদের যাতায়াতের সুবিধা, তাঁদের ক্ষমতায়ন এবং সামাজিক অন্তর্ভুক্তির ক্ষেত্রে সরকারি এই উদ্যোগকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
প্রকল্পটি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য কেএসআরটিসি ইতিমধ্যেই বাসের তালিকা প্রকাশ করেছে। সরকারের ঘোষণা অনুযায়ী, এই পরিষেবার জন্য মহিলাদের জন্য কোনও বয়ঃসীমা, জাতিগত পরিচয় বা আয়ের কোনও মাপকাঠি স্থির করা হয়নি। সকলেই এই সুবিধা পাবেন বলে জানা গিয়েছে। পাশাপাশি, সমস্ত রূপান্তরকামীরাও এই সুবিধার আওতাভুক্ত হবেন বলেও ঘোষণা করা হয়েছে।
কোন কোন বাসে মিলবে এই সুবিধাঃ
প্রাথমিক পর্যায়ে কেএসআরটিসি-র সাতটি ক্যাটাগরির সাধারণ বাসে এই বিনামূল্যে ভ্রমণের সুবিধা পাওয়া যাবে। ক্যাটাগরিগুলো হলঃ
১। অর্ডিনারি
২। সিটি অর্ডিনারি
৩। লিমিটেড স্টপ অর্ডিনারি
৪। ফেয়ার-স্টেজ অর্ডিনারি
৫। টাউন-টু-টাউন
৬। পয়েন্ট-টু-পয়েন্ট
৭। গ্রামাবন্দি পরিষেবা
জানা গিয়েছে, প্রকল্প বাস্তবায়িত হলে প্রথম দফায় সাধারণ বাসগুলিতে এই নিয়ম কার্যকর হবে। বর্তমানে কেরলে কেএসআরটিসি-র মোট ৩,১২৫টি সাধারণ বাসের মধ্যে তিরুবনন্তপুরম জেলায় ৬৮৭টি, কোল্লামে ৪১৫টি এবং এরনাকুলামে ৩২৫টি বাস চলাচল করে।
কোন নথি প্রয়োজন?
পরিবহন মন্ত্রী সি. পি. জন গত শুক্রবার জানিয়েছেন যে, বিনামূল্যে যাতায়াতের জন্য মহিলাদের কোনও পরিচয়পত্র দেখাতে হবে না। তবে প্রকল্পের সঠিক আর্থিক হিসাব ও যাত্রী সংখ্যা নির্ধারণের জন্য বাসে তাদের 'জিরো ফেয়ার' (শুন্য মূল্যের) টিকিট দেওয়া হবে। পাশাপাশি, এই সুবিধা শুধু কেরলের স্থায়ী বাসিন্দাদের জন্য সীমাবদ্ধ নয়। রাজ্যের বাইরে থেকে আসা যে কোনও মহিলা পর্যটক বা যাত্রীরাও এই সমস্ত বাসে বিনামূল্যে যাতায়াত করতে পারবেন।
মন্ত্রী সি. পি. জন আরও জানান, প্রথম ১০০ দিন এই সুবিধা কেবল সাধারণ বাসগুলোতেই সীমাবদ্ধ থাকবে। এরপর সরকার দ্রুতগতির (ফাস্ট এবং সুপারফাস্ট) বাসের মতো অন্য ক্যাটাগরির বাসের ক্ষেত্রেও এই সুবিধা দেওয়ার কথা বিবেচনা করে দেখা হবে।
পরিবহন কর্তৃপক্ষের একটি বিশেষ কমিটির মূল্যায়নে দেখা গিয়েছে, জটিলতা ও আর্থিক ক্ষতি এড়াতেই শুরুতে দূরপাল্লার বা উচ্চতর ক্যাটাগরির বাসে বিনামূল্যে ভ্রমণের অনুমতি দেওয়া হয়নি।
কেএসআরটিসি-র হিসাব অনুযায়ী, শুধুমাত্র সাধারণ বাসে এই প্রকল্প বাস্তবায়নের ফলে প্রতি মাসে প্রায় ৭১২ কোটি টাকা আর্থিক খরচ হবে। পরবর্তীতে যদি এটি সমস্ত ক্যাটাগরির বাসে চালু করা হয়, তবে এই খরচ বেড়ে প্রতি মাসে প্রায় ১,৩০০ কোটি টাকায় পৌঁছাতে পারে। রাজ্য সরকারের অনুমান, এই 'প্রিয়দর্শিনী' প্রকল্পের জন্য প্রতি বছর সরকারের অতিরিক্ত প্রায় ৭৫০ থেকে ৮০০ কোটি টাকা খরচ হবে।















