আজকাল ওয়েবডেস্ক: ১৫ বছর আগে হারিয়ে গিয়েছিলেন। সেই যুবকের সব গড়গড় করে মনে পড়ে গেল কেবল একটি শব্দ শুনে।  সর্বভারতীয় সংবাদ সংস্থা সূত্রে খবর, ঝাড়খণ্ডের ওই যুবক নিখোঁজ ছিলেন ১৫ বছর ধরে। দীর্ঘদিন তাঁর ফিরে আসার অপেক্ষায় ছিলেন পরিবারের সদস্যরা। খোঁজ না মেলায়, তাঁর ‘ডেথ সার্টিফিকেট’-এর জন্য আবেদনও করেন। ইতিমধ্যেই আচমকা সব মনে পড়ে যায় ওই যুবকের।

সর্বভারতীয় সংবাদ সংস্থা জানাচ্ছে, ওই কেবল একটি শব্দ শোনার পরেই, নিজের বাড়ি-ঘর সম্পর্কে সব তথ্য মনে পড়ে যায় ওই যুবকের। কোন শব্দ জানেন? জানা গিয়েছে ‘মহাকুম্ভ’ শব্দটি শোনার পরেও, যুবকের সব মনে পড়ে। 

ওই ব্যক্তির নাম প্রকাশ মাহাতো। প্রকাশ কলকাতায় কর্মরত ছিলেন। বেশকিছু সমস্যা ছিল বলেও জানা গিয়েছে। জানা যায় ২০১০ সালে ৯ মে, কাজের জন্য কলকাতার উদ্দেশে রওনা দেন তিনি। তারপর প্রকাশের আর কোনও খোঁজ মেলেনি। পরিবারের লোকজন নিখোঁজ ডায়েরি করেন। তাতে কোনও লাভ হয়নি। দিন কয়েক আগে, আচমকা স্থানীয় থানায় ফোন যায়। বলা হয়, পশ্চিমবঙ্গের রানিগঞ্জ থেকে খোঁজ মিলেছে যুবকের। 

ওই যুবক গত ১৫ বছর ধরে রানিগঞ্জেই কর্মরত ছিলেন এক হোটেলে। হোটেলের মালিক জানিয়েছেন, আচমকা একদিন মহাকুম্ভ  নিয়ে আলোচনার সময়, প্রশান্তের বাড়ির কথা মনে পড়ে। তারপরেই তাঁর থেকে বিস্তারিত খোঁজ নেওয়ার পর, স্থানীয় থানায় যোগাযোগ করা হয়। ১৫ বছর পর স্ত্রী এবং দুই সন্তানের সঙ্গে দেখা হয়ে প্রশান্তের। পরিবারের সঙ্গে তিনি কুম্ভে যাবেন বলেও পরিকল্পনা রয়েছে।