আজকাল ওয়েবডেস্ক:‌ বর্ষশেষের দিন ফের আইআরসিটিসি–র ওয়েবসাইট ও অ্যাপ ডাউন হয়ে গেল। চলতি মাসে এরকম ঘটনা এই তিনবার। মঙ্গলবার সকাল দশটা থেকেই ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ ডাউন রয়েছে। দূরপাল্লার ট্রেনের তৎকাল টিকিট কাটতে সকাল থেকেই যাত্রীরা সমস্যায় পড়েছেন। ওয়েবসাইটে লগ ইন করা যাচ্ছে না বলে অনেক যাত্রীর অভিযোগ রয়েছে। আবার অনেক যাত্রীর দাবি, ওয়েবসাইটে লগ ইন করলেও টিকিট বুক করা যাচ্ছে না। 


৩১ ডিসেম্বর সকাল ১০টা নাগাদ তৎকাল টিকিট কাটতে গিয়ে অনেকেই বিপাকে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকেই এই নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন। রেলমন্ত্রীকেও এক্স হ্যান্ডলে ট্যাগ করে সমস্যার কথা জানিয়েছেন যাত্রীরা।


প্রসঙ্গত, গত ২৬ ডিসেম্বর একই সমস্যার মুখে পড়েছিলেন যাত্রীরা। ওই দিনও আইআরসিটিসির ওয়েবসাইট ডাউন হয়ে গিয়েছিল। টিকিট কাটতে সমস্যায় পড়েছিলেন যাত্রীরা। চলতি ডিসেম্বরে এরকম সমস্যা হল তিন বার। ৯ ডিসেম্বরও একই সমস্যা হয়েছিল। 


আইআরসিটিসি রেল স্বীকৃত সংস্থা। তৎকাল টিকিট কাটতে যাত্রীরা আইআরসিটিসি–র ওয়েবসাইটে বা অ্যাপে যান। কিন্তু চলতি মাসে এরকম সমস্যা দেখা দিল তিন বার।