আজকাল ওয়েবডেস্ক: ইরানে হামলা চালাতে ভারতীয় বন্দর ব্যবহার করছে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এমন একটি খবর সম্প্রতি ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। এরপরই আসরে নামল ভারত। সাফ ঘোষণা করা হল, ইরানে যুদ্ধের জন্য মার্কিন নৌবাহিনীর ভারতীয় বন্দর ব্যবহারের দাবি সম্পূর্ণ ভিত্তিহীন। এটি মিথ্যে রটনা ছাড়া আর কিছুই নয়। 

বুধবার ভারতের বিদেশ মন্ত্রক জানিয়েছে, মার্কিন সেনারা যুদ্ধের জন্য ভারতীয় বন্দর ব্যবহার করছে, এমন তথ্য মিথ্যে ও ভুয়ো। দিন কয়েক আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রীর উপদেষ্টা ডগলাস ম্যাকগ্রেগর সংবাদমাধ্যম ‘ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্ক’-কে বলেন, ইরানের বিরুদ্ধে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী হয়তো ভারতের বন্দর ব্যবহার করছে। যা প্রয়োজনের তুলনায় সামান্য। মার্কিন সেনাদের একের পর এক ঘাঁটি ধ্বংস করছে ইরান। 

ডগলাস ম্যাকগ্রেগরের এহেন দাবি পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ভারতের বিদেশ মন্ত্রক। গতকাল বিদেশ মন্ত্রক জানিয়েছে, 'যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়ান আমেরিকা নিউজ নেটওয়ার্কে ভারতীয় বন্দর ব্যবহার করার যে দাবি করা হয়েছে এটি পুরোপুরি ভুয়ো ও ভিত্তিহীন। আমরা এই ধরনের ভিত্তিহীন এবং ভুয়ো মন্তব্যের ব্যাপারে সতর্ক করছি।' 

এদিকে গতকাল বুধবারই মার্কিন সাবমেরিনের হামলায় ডুবে যায় একটি ইরানি যুদ্ধজাহাজ। শ্রীলঙ্কার জলসীমায় থাকা অবস্থায় ইরানের জাহাজটি এই হামলার শিকার হয়। জাহাজটি মহড়া শেষে ভারত থেকে যাচ্ছিল। এই হামলায় ৮৭ জনের মৃত্যু হয়েছে। এই হামলা ও মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন মার্কিন প্রতিরক্ষাসচিব পিট হেগসেথ। এই ঘটনায় এখনও নিখোঁজ শতাধিক। উদ্ধার করা হয়েছে ৩০-এর বেশি আরোহীকে। জাহাজটিতে অন্তত ১৮০ জন ছিলেন বলে জানা যায় প্রাথমিকভাবে। 

গত শনিবার ইরানে হামলা চালিয়েছে ইজরায়েল৷ সঙ্গে যোগ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ শনিবার সকালে তেহরানে প্রথম হামলা চালায় ইজরায়েল৷ ইরানের সুপ্রিম ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইয়ের দপ্তরের কাছেই বিস্ফোরণ ঘটে৷ রবিবার জানা যায়, ওই হামলায় ইরানের শীর্ষ নেতা আয়াতোল্লা আলি খামেনেইর মৃত্যু হয়েছে। 

পরে ইরানের সংবাদমাধ্যম জানিয়েছে, সারা দেশে আক্রমণ চালিয়েছে ইজরায়েল৷ দেশের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) প্রথম এই আক্রমণের বিষয়টি নিশ্চিত করে৷ পরে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও এই সামরিক অভিযানে কথা ঘোষণা করেন৷ 

শনিবার রাতে সংযুক্ত আরব আমিরশাহির আবুধাবি, দুবাই, কাতারের দোহা, সৌদি আরবের রিয়াদে একের এক পর হামলা করেছে ইরান। শনিবার সন্ধ্যায় দুবাইয়ের বুর্জ খলিফার পাশেই বিস্ফোরণের বিকট শব্দ শোনা গেছে। যার জেরে নিমেষের মধ্যে বুর্জ খলিফা খালি করে দেওয়া হয়। পাম জুমেইরাহ-তেও ক্ষেপণাস্ত্রের অংশ আছড়ে পড়ে বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর।