আজকাল ওয়েবডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছিলেন আগেই, ঘণ্টাখানেক পরেই ইরানের রাষ্ট্রীয় টিভি নিশ্চিত করে, সে দেশের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত হয়েছেন আমেরিকা-ইজরায়েল হামলায়। খামেনেইয়ের মৃত্যুতে শোক এদেশেও।
স্থানীয় সূত্রে খবর, কাশ্মীরের রাজধানী শ্রীনগরের লালচক শহরের কেন্দ্রস্থলে হাজার হাজার মানুষ জড়ো হয়েছেন, বিভিন্ন এলাকা থেকে মিছিল করে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির ইউডি এবং ইসরায়েলি হামলায় মৃত্যুর খবরে শোক প্রকাশ করছেন।
সমগ্র পরিস্থিতি বিচারে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে বড় বার্তা দিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি লিখেছেন, 'ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের হত্যাকাণ্ড-সহ ইরানের চলমান ঘটনাবলী নিয়ে আমি গভীরভাবে উদ্বিগ্ন। আমি সকল সম্প্রদায়ের কাছে শান্ত থাকার, শান্তি বজায় রাখার এবং উত্তেজনা বা অস্থিরতার কারণ হতে পারে এমন যেকোনও পদক্ষেপ এড়াতে আবেদন করছি।
আমাদের অবশ্যই নিশ্চিত করতে হবে যে জম্মু ও কাশ্মীরে যাঁরা শোকাহত তাঁদের শান্তিপূর্ণভাবে শোক প্রকাশ করার অনুমতি দেওয়া হয়েছে। পুলিশ এবং প্রশাসনের সর্বোচ্চ সংযম অবলম্বন করা উচিত এবং বলপ্রয়োগ বা বিধিনিষেধমূলক ব্যবস্থা গ্রহণ থেকে বিরত থাকা উচিত।
জম্মু ও কাশ্মীর সরকার বর্তমানে ইরানে অবস্থানরত জম্মু ও কাশ্মীরের বাসিন্দাদের, যার মধ্যে শিক্ষার্থীরাও রয়েছেন, নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করার জন্য ভারত সরকারের বিদেশ মন্ত্রকের সঙ্গে যোগাযোগ রাখছে।'
অন্যদিকে, খামেনেইর মৃত্যুর পরেও ইরানে রবিবারেও হামলা করল ইজরায়েল। এদিন ইজ়রায়েলের সেনাবাহিনী জানিয়েছে, নতুন করে পশ্চিম ও মধ্য ইরানের ৩০টি জায়গায় তারা হামলা চালিয়েছে। এই হামলা জারি থাকবে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের যৌথ হামলায় ইরানে মৃত্যুমিছিল ক্রমেই বাড়ছে।
খামেনেইয়ের মৃত্যুর পর, সকালে ইরানের রেভলিউশনারি গার্ড বাহিনী জানিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজ়রায়েলি বাহিনীর বিরুদ্ধে ‘সবচেয়ে ভয়ঙ্কর’ হামলা শুরু হতে চলেছে আর কিছুক্ষণের মধ্যেই। একটি বিবৃতিতে তারা দাবি জানিয়েছে, ইতিহাসের সবচেয়ে বড় হামলাটা এ বার তারা করবে।
অন্যদিকে সর্বোচ্চ নেতার মৃত্যুর পর, আপাতত ইরানের প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিল তৈরি করা হয়েছে। ইরানের অন্তর্বতী নেতৃত্বে থাকবে এই তিন সদস্যের নেতৃত্ব। সর্বোচ্চ নেতা খামেনেই-র মৃত্যুর পর ইরানে টানা ৪০ দিন রাষ্ট্রীয় শোক পালন করা হবে। খামেনেইর মৃত্যুর খবর রটে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই দেশ চালানোর দায়িত্বভার তুলে দেওয়া হয়েছে এই নতুন কাউন্সিলকে।
