আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার চণ্ডীগড় বিমানবন্দরে চরম উত্তেজনা। ইন্ডিগোর একটি বিমানে এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আচমকা আগুন লেগে যায়। ঘটনার জেরে তড়িঘড়ি সমস্ত যাত্রীদের বিমান থেকে সরিয়ে নিয়ে আসা হয়। বিমানবন্দর সূত্রে খবর, হায়দরাবাদ থেকে চণ্ডীগড়গামী এক বিমানে এই বিপত্তি ঘটে।
ইন্ডিগো কর্তৃপক্ষের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “৫ মে হায়দরাবাদ থেকে চণ্ডীগড় পৌঁছনোর পর ইন্ডিগোর ৬ই ১০৮ বিমানটি যখন স্থির অবস্থায় দাঁড়িয়ে ছিল, ঠিক তখনই এক যাত্রীর পাওয়ার ব্যাঙ্ক থেকে আগুন লাগার খবর মেলে।”
বিবৃতিতে আরও বলা হয়, “সুরক্ষার খাতিরে তৎক্ষণাৎ যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়। একইসঙ্গে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়। সমস্ত যাত্রীকেই সুস্থ অবস্থায় টার্মিনালে নিয়ে আসা হয়েছে। আমাদের কর্মীরা তাঁদের দেখাশোনা করছেন। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরেই বিমানটিকে পুনরায় উড়ানের অনুমতি দেওয়া হবে। যাত্রী ও কর্মীদের নিরাপত্তাই আমাদের কাছে সবার আগে।”
সমাজমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে দেখা গিয়েছে, আতঙ্কে হুড়োহুড়ি করে বিমান থেকে নেমে রানওয়ের উপর দাঁড়িয়ে রয়েছেন যাত্রীরা। তাঁদের দাবি, পাওয়ার ব্যাঙ্কের আগুন থেকে মুহূর্তের মধ্যে বিমানের ভেতরে ধোঁয়া ধোঁয়া হয়ে যায়।
ঘটনায় অন্তত পাঁচজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গিয়েছে। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য, বিমানে পাওয়ার ব্যাঙ্ক বহনের ক্ষেত্রে কড়া নিয়ম রয়েছে। ২০২৬ সালে ডিজিসিএ-এর জারি করা নির্দেশিকা অনুযায়ী, বিমানের ভেতরে পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করে ফোন বা অন্য কোনও যন্ত্র চার্জ দেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।
ডিজিসিএ-র নিয়ম অনুযায়ী, পাওয়ার ব্যাঙ্ক জাতীয় যেকোনও ইলেকট্রনিক্স কোনওভাবেই বিমানের ভেতরের লকারে রাখা যাবে না। কারণ, সেখানে আগুন লাগলে তা শনাক্ত করা বা নিয়ন্ত্রণে আনা কঠিন হয়ে পড়ে। কেবল হাত ব্যাগে এই সরঞ্জামগুলি রাখার অনুমতি রয়েছে।















