আজকাল ওয়েবডেস্ক: জিকা ভাইরাস নিয়ে আতঙ্কের দিন এবার বোধহয় শেষ হতে চলেছে। আইআইএল একটি মউ স্বাক্ষর করেছে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চের সঙ্গে। এর প্রধান উদ্দেশ্য হল জিকা ভাইরাসের টিকা আবিষ্কার করা। ইতিমধ্যেই এই ভাইরাস নিয়ে পরীক্ষা শুরু হয়ে গিয়েছে।

 

দ্রুত এর টিকা আবিষ্কার করে সকলকে ভয়ের পরিবেশ থেকে বাঁচাতে চাইছেন ভারতীয় গবেষকরা। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, জিকা ভাইরাস গোটা বিশ্বে যেভাবে করাল ছায়া ধরে রেখেছে সেদিক থেকে দেখতে হলে ভারত যদি এর টিকা আবিষ্কার করতে পারে তবে সেটা অন্যতম এক বিপ্লব হিসাবে পরিগনিত হবে। এমনকি এই টিকা যাতে সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে সেই বিষয়টিও গবেষকদের নজরে রয়েছে।

 

প্রথম এই টিকার প্রয়োগ অন্য প্রাণীর উপর করা হবে। পরে মানুষের দেহে এর প্রয়োগ করা হবে। জিকা ভাইরাস প্রধান এডিস মশা থেকে ছড়ায়। এর এই নামটি উগান্ডার জিকা বন থেকে এসেছে, যেখানে ভাইরাসটি প্রথম ১৯৪৭ সালে শুরু হয়েছিল। ১৯৫০ সাল থেকে, এটি আফ্রিকা থেকে এশিয়া পর্যন্ত একটি বিস্তীর্ণ এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে।

 

২০০৭ থেকে ২০১৬ পর্যন্ত, ভাইরাসটি পূর্ব দিকে,প্রশান্ত মহাসাগর ছাড়িয়ে আমেরিকা পর্যন্ত ছড়িয়ে পড়ে, যার ফলে এটি মহামারীর আকার ধারণ করে। এই ডেঙ্গুর জ্বরের মত। যদিও এর কোনও নির্দিষ্ট চিকিৎসা নেই। সাধারণ জ্বরের ওষুধ খেয়েই কাটাতে হয়। তবে এবার যদি টিকা আবিষ্কার হয় তবে তা ভারতকে এই ভাইরাস মোকাবিলায় অনেকটাই এগিয়ে দেবে।