আজকাল ওয়েবডেস্ক: চলতি মাসের শেষেই আমেরিকা সফরে যাচ্ছে এক উচ্চপর্যায়ের ভারতীয় প্রতিনিধি দল। লক্ষ্য, দুই দেশের মধ্যেকার বাণিজ্য চুক্তিকে আরও এগিয়ে নিয়ে যাওয়া। বৃহস্পতিবার ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গর এই খবর জানিয়েছেন।

এ দিন সমাজমাধ্যম ‘এক্স’-এ রাষ্ট্রদূত জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বাণিজ্যিক নীতিগুলি সফল করতে মার্কিন প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের সঙ্গে তাঁর 'ইতিবাচক' আলোচনা হয়েছে। সার্জিও গর বলেন, “ভারত ও আমেরিকা ইতিমধ্যেই একটি বাণিজ্য চুক্তিতে রাজি হয়েছে। এই মাসেই ভারতীয় প্রতিনিধি দলকে ওয়াশিংটনে স্বাগত জানাতে আমরা প্রস্তুত।”

প্রথমে ঠিক ছিল, এই দলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থাকবেন। কিন্তু শেষ মুহূর্তে তিনি সফর বাতিল করেছেন। এদিকে লোকসভা ও বিধানসভায় মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের বিল দ্রুত পাশ করাতে সংসদে বিশেষ তৎপরতা চলছে। সেই কারণেই অর্থমন্ত্রী দেশে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বলে খবর।

ফেব্রুয়ারি মাসে মোদি ও ট্রাম্প সরকার এই দ্বিপাক্ষিক চুক্তির কথা ঘোষণা করে। দুই রাষ্ট্রপ্রধান একে ‘ঐতিহাসিক’ বললেও দেশের অন্দরে বিরোধীদের সমালোচনার মুখে পড়তে হয় সরকারকে।

এই চুক্তির ফলে ভারতের ওপর মার্কিন করের হার ৫০ শতাংশ থেকে কমে দাঁড়াচ্ছে ১৮ শতাংশে। চুক্তির শর্ত অনুযায়ী, আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে জ্বালানি, বিমান ও যন্ত্রাংশ, কয়লা এবং প্রযুক্তি কিনতে ভারত ৫০০ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে। 

পাশাপাশি, হোয়াইট হাউস সূত্রের খবর, রাশিয়া থেকে ভারতের তেল কেনা বন্ধ করাও ছিল এই চুক্তির অন্যতম শর্ত। তবে ইরানের সঙ্গে যুদ্ধের পরিস্থিতির কথা মাথায় রেখে ভারতকে কিছু পরিমাণ রুশ তেল আমদানির ছাড় দেওয়া হয়েছে। ওয়াশিংটনের দাবি, এই সীমিত আমদানিতে রাশিয়ার বিশেষ কোনও আর্থিক লাভ হবে না।