আজকাল ওয়েবডেস্ক: ভারত মহাসাগরের তলায় টগবগ করছে লাভা। তারপর? বড় আবিষ্কার বিজ্ঞানীদের। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসান টেকনোলজি (এনআইওটি) এবং ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওসান রিসার্চ (এনসিপিওআর)-এর একদল বিজ্ঞানী গভীর-সমুদ্র অনুসন্ধানে নেমেছিলেন। ওই গবেষণা থেকেই মিলেছে অবাক করা তথ্য। নজরে এসেছে হাইড্রোথার্মাল সালফাইড ক্ষেত্র। পৃথিবীতে এমন জায়গা যেখানে দুটি টেকটোনিক প্লেট দূরে সরে যায় বা একে অপরের দিকে চলে যায়, সেক্ষেত্রে ভিতরের লাভা এবং সমুদ্রের ঠান্ডা জলের সংস্পর্শে তৈরি হয় হাইড্রোথার্মাল সালফাইড ক্ষেত্র। 
 

দক্ষিণ ভারত মহাসাগরের মধ্য ও দক্ষিণ পশ্চিম ভারতীয় রিজের ৪৫০০ মিটার গভীরে এই ক্ষেত্রটির অবস্থান। চলতি মাসেই চলে এই অনুসন্ধান কার্য। ন্যাশনাল ইনস্টিটিউট অফ ওসান টেকনোলজির তৈরি ওসান মিনারেল এক্সপ্লোরার (ওএমই ৬০০০) নামে পরিচিত অটোনোমাস আন্ডারওয়াটার ভেহিকেল (এইউভি) ব্যবহার করে, ডঃ এন আর রমেশের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল হাইড্রোথার্মাল ভেন্টের ছবি সংগ্রহ করেছে।

একই সঙ্গে তাদের হাতে এসেছে একগুচ্ছ গুরুত্বপূর্ণ তথ্য।  তাদের বাস্তুতন্ত্রের প্রকৃতি এবং সেখানে উপস্থিত খনিজ পদার্থগুলির জন্য ভেন্টগুলি সম্পর্কে কৌতূহল বহুদিনের। এই অভিযানটি ভারতের বৃহত্তর গভীর মহাসাগর মিশনের অংশ। 


বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র সিং দেশের অর্থনৈতিক বৃদ্ধি এবং পরিবেশগত স্থায়ীত্বের জন্য এই ধরনের অন্বেষণের গুরুত্বের উপর জোর দিয়েছেন।