আজকাল ওয়েবডেস্ক: শেষ ১৬ বছরে এমনটা ঘটেনি। শনিবার বর্ষা প্রবেশ করল কেরলে। নির্ধারিত সময়ের আটদিন আগেই বর্ষা প্রবেশ করেছে কেরলে। ভারতের মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, এই বছর কেরলে বর্ষা এসেছে ২৩ মে, যা গত ১৬ বছরের মধ্যে সবচেয়ে আগে। সাধারণত ১ জুন কেরলে বর্ষা প্রবেশ করে। শেষবার এত আগে বর্ষা প্রবেশ করেছিল ২০০৯ ও ২০০১ সালে। সেবারেও ২৩ মে দেশে প্রবেশ করেছিল বর্ষা।
এর আগে সর্বপ্রথম বর্ষার আগমন হয়েছিল ১৯১৮ সালে, ১১ মে। অন্যদিকে, সবচেয়ে দেরিতে বর্ষা এসেছিল ১৯৭২ সালে, ১৮ জুন। ২০২৩ সালেও বর্ষা প্রবেশ করেছে ৮ জুন। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, গত কয়েক দিনে রাজ্যে বর্ষার অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। একদিকে নিম্নচাপের প্রভাবে, অন্যদিকে মৌসুমী বায়ুর অগ্রগতির ফলে কেরলে বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাত হয়েছে।
তবে বাংলায় কবে বর্ষা প্রবেশ করবে সে সম্পর্কে এখনও কিছু জানায়নি আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, শনিবার কেরালা, উপকূলীয় কর্ণাটক এবং কনকণ ও গোয়া অঞ্চলে বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। মৌসম ভবন সূত্রে খবর, ২৫ মে থেকে ২৯ মে পর্যন্ত কেরল এবং উপকূলীয় কর্ণাটকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। তামিলনাড়ু, তেলেঙ্গানা এবং অন্ধ্রপ্রদেশেও আগামী পাঁচ দিনে বিক্ষিপ্তভাবে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের পূর্বাভাস রয়েছে।
















