আজকাল ওয়েবডেস্কঃ প্রশ্নপত্র ফাঁসের পর ফের নিট ইউজি আয়োজনের ঘোষণা করেছিল এনটিএ। আগামী ২১ জুন সেই পরীক্ষারই আয়োজন করা হবে। এ বার প্রশ্নপত্রের ফাঁস রুখতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে সরাসরি ময়দানে নামছে ভারতীয় বিমানবাহিনী। প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পরীক্ষা প্রক্রিয়া পরিচালনার ক্ষেত্রে কার্যনিবাহী সহায়তা করবে বিমানবাহিনী। দেশের ১৮টি গুরুত্বপূর্ণ কেন্দ্রে বিশেষ বিমানে নিট ইউজি-র প্রশ্নপত্রের প্যাকেট মারফত পৌঁছে দেওয়া হবে।
গত ৩ মে অনুষ্ঠিত নিট-ইউজি পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগ ওঠার পর তা বাতিল করা হয়েছিল। এরপরই পরীক্ষা প্রক্রিয়ার স্বচ্ছতা ফেরাতে এবং সব ধরনের জালিয়াতি রুখতে এই ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান আগেই জানিয়েছিলেন যে, পুনঃপরীক্ষার প্রশ্নপত্র পরিবহনের দায়িত্বে বিমানবাহিনীকে যুক্ত করা হবে। মূলত ট্রানজিট বা পরিবহনের সময় যাতে কোনওভাবেই প্রশ্নপত্র ফাঁস বা কারচুপি না করা যায়, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ।
পরীক্ষাকে সম্পূর্ণ নিশ্ছিদ্র রাখতে একাধিক নজিরবিহীন পদক্ষেপ করা হয়েছেঃ
১। পরীক্ষা সংক্রান্ত ডিউটি এবং কেন্দ্রের নিরাপত্তার জন্য দেশজুড়ে প্রায় পাঁচ লক্ষ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হচ্ছে।
২। এআই নজরদারি: পরীক্ষা কেন্দ্রগুলিতে নজরদারির জন্য কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-চালিত উন্নত নজরদারি ক্যামেরা ব্যবহার করা হবে।
৩। প্রশ্ন ফাঁস বা গুজব ছড়ানো রুখতে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিতে ২৪ ঘণ্টা কড়া নজরদারি চালানো হচ্ছে।
নিরাপত্তা ব্যবস্থার অংশ হিসেবে এবার প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়াকেও কঠোর নজরদারিতে রাখা হয়েছে। প্রায় তিন সপ্তাহ আগে নিটের প্রশ্নপত্র তৈরির জন্য শিক্ষক এবং বিষয় বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ টিম গঠন করা হয়। প্রশ্ন ফাঁসের ঝুঁকি এড়াতে এই দলটিকে সম্পূর্ণ 'আইসোলেশন'-এ রাখা হয়েছে। বাইরের জগতের সঙ্গে যোগাযোগের সব রাস্তা বন্ধ করতে তাঁদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহারের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আগামী ২১ জুন পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে।
দেশের অন্যতম বৃহত্তম এই প্রবেশিকা পরীক্ষার বিশ্বস্ততা ও মর্যাদা ফিরিয়ে আনতেই সরকার এবং শিক্ষা মন্ত্রক এবার এমন নজিরবিহীন ও কঠোর সুরক্ষাবিধি বেছে নিয়েছে।















