আজকাল ওয়েবডেস্ক: ঝাড়খণ্ড সীমান্ত থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ বিস্ফোরক। উদ্ধার হওয়া এই বিপুল পরিমাণ বিস্ফোরক বা ডিটোনেটর-এর সংখ্যা প্রায় ২০ হাজার। মঙ্গলবার বীরভূম জেলার রামপুরহাট থানার পড়শি রাজ্য ঝাড়খণ্ড লাগোয়া হস্তিকান্দা নামে একটি গ্রাম অভিযান চালিয়ে এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বা ইবি। জঙ্গল ঘেরা একটি পরিত্যক্ত বাড়িতে এই ডিটোনেটরগুলি রাখা হয়েছিল। 

জানা গিয়েছে, এদিন সকালে ইবি খবর পায় হস্তিকান্দা গ্রামের একটি বাড়িতে জমা করা হয়েছে বিপুল পরিমাণ ডিটোনেটর। এরপরেই গ্রামে অভিযান চালায় ইবি। শেষপর্যন্ত জঙ্গল ঘেরা ওই বাড়িতে সন্ধান পাওয়া যায় মজুত করা ওই বিস্ফোরকের। উদ্ধারের পর সেগুলি তুলে দেওয়া হয় রামপুরহাট থানার পুলিশের হাতে। 

পুলিশের একটি সূত্র জানায়, মূলত পাথর ভাঙার কাজে এই ডিটোনেটর ব্যবহৃত হলেও এর সাহায্যে বড়সড় বিষ্ফোরণ ঘটানো যায়। ফলে এই বিপুল মজুতের পিছনে কোনও দুরভিসন্ধির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না তাঁরা। কে বা কারা এই বিষ্ফোরক মজুত করল এখন সেটাই খতিয়ে দেখা হচ্ছে।