আজকাল ওয়েবডেস্ক: অপ্রত্যাশিতভাবে প্রচুর অর্থ হাতে এলেই কথায় বলে, টাকার বৃষ্টি। সেসব এখন অতীত। এবার রীতিমতো টাকার 'বন্যা' চাক্ষুষ করলেন এক যুবক। জলের তোড়ে তাঁর ঘরেই ঢুকল হাজার হাজার টাকার নোট।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা গিয়েছে, প্রবল বৃষ্টির জেরে বানভাসি এক এলাকায় এহেন ঘটনা ঘটেছে। বন্যার জলের তোড়ে এক যুবকের ঘরে ভেসে এসেছে হাজার হাজার টাকার নোট। রংবেরঙের সেই নোটগুলি দেখেই চক্ষু চড়কগাছ যুবকের।
তবে ভিডিওটি কোথাকার তা এখনও জানা যায়নি। সক্রিয় মৌসুমী বায়ুর দাপটে দেশের বিভিন্ন জায়গায় একটানা মুষলধারে বৃষ্টি হচ্ছে। টানা ভারী বৃষ্টির জেরেই বহু এলাকা জলমগ্ন। তেমনই এক জায়গায় বন্যার জলের তোড়ে এক যুবকের ঘরে ঢুকে পড়ে প্রচুর টাকা।
ভিডিওটি ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যে পরিমাণ টাকা বন্যার জলের সঙ্গে যুবকের ঘরে ঢুকেছে, সেই বিভিন্ন রঙের নোটগুলি দেখেই নেটিজেনদের চোখ ছানাবড়া হয়ে গিয়েছে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
ভিডিওটি দেখেই একজন লিখেছেন, 'একেই বলে ভাগ্য! ভগবানের কৃপা।' আরেকজন লিখেছেন, 'এ তো টাকার বন্যা।' আরেকজন লিখেছেন, 'এই বাড়ির একতলায় আমি থাকতে চাই।' এক তরুণী লিখেছেন, 'অর্থ, সম্পদ যেন পায়ে হেঁটে এই যুবকের বাড়িতে ঢুকল!'
প্রসঙ্গত, ভারতের মৌসম ভবন জানিয়েছে, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, পশ্চিমবঙ্গ, সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে। ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কর্ণাটক, গুজরাট, কেরল, তামিলনাড়ু, পুদুচেরি, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গে।
















