আজকাল ওয়েবডেস্ক: গুরুতর অসুস্থ অযোধ্যার রাম মন্দিরের প্রধান পুরোহিত। আপাতত লখনউয়ের সঞ্জয় গান্ধি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। হাসপাতাল কর্তপক্ষ জানিয়েছে, স্ট্রোকের পর তাঁকে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে সোমবার। জানা গিয়েছে, প্রধান পুরোহিত মোহন্ত সত্যেন্দ্র দাস এদিন অসুস্থ বোধ করেন। তারপরেই সঞ্জয় গান্ধি পোস্ট গ্র্যাজুয়েট ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে-এ গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি করানো হয় তাঁকে। অশীতিপর পুরোহিতকে প্রাথমিক চিকিৎসা করানোর পর হাসপাতালে ভর্তি করানো হয়। তিনি ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছিলেন দীর্ঘদিন। সেই থেকেই রবিবার রাতে হঠাৎই বাধে বিপত্তি। আপাতত তিনি হাসপাতালের এইচডিইউ বিভাগে ভর্তি রয়েছেন। হাসপাতালের পক্ষ থেকে বলা হয়েছে, এখনও তাঁর সম্পূর্ণ বিপদ কাটেনি। তবে চিকিৎসকদের সমস্ত নির্দেশ তিনি মেনে চলছেন। সেই কারণে তিনি এখন কিছুটা স্থিতিশীল আছেন।
সময়টা ছিল ১৯৯২ সালের ৬ ডিসেম্বর। তৎকালীন অস্থায়ী রাম মন্দিরের পুরোহিত ছিলেন মোহন্ত সত্যেন্দ্র দাস। সে সময় ঘটেছিল ভয়ঙ্কর দুর্ঘটনা। গুঁড়িয়ে দেওয়া হয়েছিল বাবরি মসজিদ। মোহন্ত সত্যেন্দ্র দাসের বয়স তখন মাত্র ২০ বছর। সেই সময়ই তিনি আধ্যাত্মিকতার জীবনকে বেছে নিয়েছিলেন। পরবর্তীতে তিনি যুক্ত হন নির্বাণী আখড়ার সঙ্গে। অযোধ্যায় বিশ্ব হিন্দু পরিষদের মুখপাত্র শরদ শর্মা পিটিআইকে জানিয়েছেন, যাঁরা অযোধ্যা আন্দোলনের ইতিহাস জানেন, তাঁদের মধ্যে অন্যতম মোহন্ত সত্যেন্দ্র দাস। তাঁর দ্রুত আরোগ্য কামনা করি এবং প্রার্থনা করি তিনি দ্রুত সুস্থ হয়ে উঠুন।
