হরিয়ানার এক বিয়েবাড়িতে ঘটে যাওয়া এক অদ্ভুত ও চাঞ্চল্যকর ঘটনা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিয়ের মণ্ডপে কনের নাচকে কেন্দ্র করে তৈরি হওয়া তীব্র বিবাদে শেষ পর্যন্ত ভেঙে গেল বিয়ে?

ঘটনার সূত্রপাত কনের এন্ট্রির সময়। বিয়ের আসরে লাল লেহেঙ্গা পরে নাচতে নাচতে প্রবেশ করছিলেন কনে। তার এই নাচ এবং আচার-আচরণ বিয়ের মণ্ডপে উপস্থিত বরের পরিবারের বয়স্ক সদস্যদের মোটেই পছন্দ হয়নি। অভিযোগ, কনের এই 'হাই-এনার্জি' পারফরম্যান্স দেখেই হঠাত্‍ রেগে যান বরের বাবা এবং তার বড়দাদা। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। দুই পরিবারের মধ্যে শুরু হয় তুমুল বাগবিতণ্ডা।

পরিস্থিতি এতটাই নাগালের বাইরে চলে যায় যে, বরের পরিবারের লোকজন বিয়ের অনুষ্ঠান মাঝপথেই বাতিল করে দেয়। এরপর বর ও তাঁর পরিবারকে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যেতে দেখা যায়। অতিথিরা ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত হয়ে যান। সোশ্যাল মিডিয়ায় রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে এই ভিডিও। 

এই ঘটনাকে ঘিরে নেটপাড়ায় দুই মেরুর প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। নেটিজেনদের একাংশ মনে করছেন, বিয়ের মতো আনন্দের দিনে নিজের খুশি জাহির করার জন্য কনের নাচ কোনও অপরাধ নয়। যারা এর জন্য বিয়ে ভেঙে দিলেন, তাঁদের চিন্তাধারা বড্ড সেকেলে এবং সংকীর্ণ।

অন্যদিকে, অন্য একটি অংশের মতে, বিয়ের মতো সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানে পরিবারের বড়দের সামনে কিছুটা শালীনতা বজায় রাখা প্রয়োজন। তাঁদের দাবি, পরিবারের বড়দের সম্মানের বিষয়টি মাথায় রেখেই সব কাজ করা উচিত ছিল। সব মিলিয়ে, এই ঘটনায় এখন সোশ্যাল মিডিয়ায় 'নানা মুনির নানা মত'।