আজকাল ওয়েবডেস্ক: দক্ষিণ গুজরাটের একাধিক জেলায় একনাগাড়ে মুষলধারে বৃষ্টিপাত। ফলে জেলায় জেলায় বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। রাজ্য আপৎকলীন রিচালনা কেন্দ্রের বা এসইওসি-র দেওয়া তথ্য অনুযায়ী, সবচেয়ে খারাপ অবস্থা ভালসাড় জেলায়। সেখানকার উমরগাঁও এলাকায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মাত্র ১৬ ঘণ্টায় রেকর্ড পরিমাণ বৃষ্টি হয়েছে। আবহাওয়া দপ্তরের খবর অনুযায়ী, বৃষ্টিপাতের পরিমাণ ১১০০ মিলিমিটার। এই নজিরবিহীন বৃষ্টিপাতের কারণে ক্ষতিগ্রস্ত এলাকাগুলি থেকে হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
টানা বৃষ্টির কারণে জেলার নীচু এলাকাগুলিতে ভয়াবহ বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে। ভালসাড়ের ভাপি এলাকার একটি ভিডিওতে দেখা গিয়েছে, বেশ কিছু বহুতলের পার্কিং এলাকায় গাড়ির জানলা পর্যন্ত জল উঠে গেছে। উমরগাঁও ছাড়াও ভালসাড়ের একাধিক অংশে ৬০০ মিলিমিটারের বেশি বৃষ্টিপাত হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর, নদী উপচে বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। তবে উদ্ধারকারী দল নিরাপদ আশ্রয়ে স্থানান্তরিত করেছে একাধিক মানুষকে। জানা গিয়েছে, অরঙ্গা, পার এবং দমন গঙ্গা নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় পুরো ভালসাড় এলাকা জুড়ে বন্যা দেখা দিয়েছে।
সুরাট শহরের নীচু এলাকা প্লাবিত হওয়ায় ২,২০০-র বেশি মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর বৃহস্পতি ও শুক্রবারও দক্ষিণ গুজরাটের ভালসাড়, নবসারী, ডাংস, সুরাট ও তাপী জেলায় অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। জারি করা হয়েছে 'রেড অ্যালার্ট'। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল স্থানীয় প্রশাসনকে ত্রাণ ও উদ্ধারকাজে সহায়তা করতে বেশ কয়েকজন মন্ত্রীকে উপদ্রুত জেলাগুলিতে পাঠানো হয়েছে।
















