আজকাল ওয়েবডেস্ক: প্রিয় মানুষের নয়। হল প্রিয় গাড়ির ‘শ্রাদ্ধ’। গুজরাটের এক পরিবার এমনই কাণ্ড ঘটিয়েছে। খরচ করেছেন ৪ লক্ষ টাকা। খাইয়েছেন দেড় হাজার মানুষকে। জানা গেছে, গুজরাটের ওই পরিবার ১২ বছরের পুরনো গাড়িকে বিদায় জানিয়েছে এমনই জমকালো অনুষ্ঠান করে। ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছ। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি আজকাল ডট ইন।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাটের আমরেলি জেলায়। নির্মাণ ব্যবসায়ী সঞ্জয় পোলারার বিশ্বাস ছিল, তাঁর জন্য সৌভাগ্য বয়ে এনেছে তাঁর ১২ বছরের পুরনো গাড়িটি। তাই সম্প্রতি সেই গাড়ি বিক্রি করে দেওয়ার বদলে সেটির ‘শ্রাদ্ধ’ দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি। সেই মতো বৃহস্পতিবার গাড়িটিকে ফুল–মালা দিয়ে সাজিয়ে মাটি থেকে ১৫ ফুট নীচে চাপা দিয়ে দেওয়া হয়। এর পর আগত অতিথিদের জন্য খাওয়াদাওয়ার আয়োজনও ছিল। অনুষ্ঠানে অতিথিদের পাশাপাশি পুরোহিতরাও ছিলেন। প্রসঙ্গত, ওই নির্মাণ ব্যবসায়ীর গুজরাটের লাঠি তালুকার পদরসিঙ্গা গ্রামে।
এদিকে, গাড়িটির শ্রাদ্ধ দেওয়ার পর সঞ্জয় জানান, ভবিষ্যত প্রজন্মের কাছে গাড়িটির প্রতি ভালবাসা এবং স্মৃতি তৈরি করার জন্য অনুষ্ঠানটির আয়োজন করেছিলেন তিনি। এক্স হ্যান্ডলে পোস্ট করা ভিডিওটি অনেকেই দেখেছেন। মজার মজার মন্তব্যও করেছেন অনেকে।
