আজকাল ওয়েবডেস্ক: ধুমধাম বিয়ের আয়োজন। উদযাপনে মেতেছিলেন সকলে। আচমকাই হুলস্থুল কাণ্ড। কারণ? বিয়ের আসরে 'পাইরোটেকনিক গান' অর্থাৎ আতশবাজির বন্দুক নিয়ে নানা আদবকায়দা দেখাতে উঠেপড়ে লাগেন পাত্রের দিদিমা। সেই আতশবাজির ফুলকি চতুর্দিকে ছড়িয়ে পড়তেই বিয়েবাড়ির আসর ছেড়ে পড়িমরি ছুট নিমন্ত্রিতদের। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি ওই বিয়েবাড়ির এই মুহূর্তটি সমাজমাধ্যম ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে। যেখানে দেখা গেছে, বিয়েবাড়িতে নাচগানে মেতেছিলেন আত্মীয়স্বজন থেকে নিমন্ত্রিতরা। সেই গান শুনেই আনন্দে আত্মহারা হয়ে পড়েন পাত্রের দিদিমা। ঠিক মালাবদলের সময়েই ঘটে বিপত্তি। 

মণ্ডপে দাঁড়িয়ে যখন পাত্র ও পাত্রী মালাবদল করছিলেন, ঠিক তখনই পাত্রের গালের ও চুলের পাশে ওই আতশবাজির বন্দুকের ট্রিগারে চাপ দেন বৃদ্ধা। কয়েক সেকেন্ডেই আতশবাজির ফুলকি চতুর্দিকে ছড়িয়ে পড়ে। বরাতজোরে রক্ষা পান পাত্র। যথা সময়ে সরে না এলে গালের পাশে পুড়ে যেতে পারত তাঁর। 

এখানেই বিষয়টি থেমে ছিল না। সেই আতশবাজির বন্দুকে ট্রিগার আরও একাধিকবার চেপে ধরেন বৃদ্ধা। এবার পাত্র নয়, নিমন্ত্রিতদের দিকে লক্ষ্য করে। আতশবাজির ফুলকি দেখে ভয়ে, আতঙ্কে বিয়ের আসর ছেড়ে পালিয়ে যান সকলে। কোনও মতে নিরাপদ স্থানে গিয়ে আশ্রয় নেন। যদিও এই ঘটনায় কেউই আহত হননি। 

গত বছর নভেম্বরে এমন আরেকটি ঘটনা ঘটেছিল। বিয়েবাড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনা। গায়ে হলুদের সময় নাচগান, হুল্লোড়ে মেতেছিলেন সকলে। নাচ করছিলেন পাত্র ও পাত্রীও। সেই সময় হঠাৎ ফেটে যায় হাইড্রোজেন বেলুন। মুখের সামনে সেই বেলুন ফেটে দগ্ধ পাত্র ও পাত্রী। বর্তমানে দু'জনেই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গায়ে হলুদের জন্য বিয়ের আসরে হাইড্রোজেন বেলুন দিয়ে সাজানো হয়েছিল। তার পাশেই একের পর এক রঙিন বন্দুক ফাটানো হচ্ছিল। তাপমাত্রার কারণে পরপর বেলুনে আগুন ধরে যায়। এরপর হাইড্রোজেন বেলুনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 

জানা গেছে, হাইড্রোজেন বেলুন বিস্ফোরণের জেরে পাত্রীর মুখ, পিঠের কিছু অংশ পুড়ে গেছে। অন্যদিকে পাত্রের চুল পুরোপুরি পুড়ে যায়। তাঁর আঙুল ও পিঠও বিস্ফোরণের জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই দুর্ঘটনার পরেই সোশ্যাল মিডিয়ায় ভয়ঙ্কর অভিজ্ঞতার বর্ণানা করেছেন তাঁরা। জানিয়েছেন, 'আমরা ভাবতেও পারিনি, বিশেষ দিনের পরিকল্পনা থেকে এত বড় দুর্ঘটনা ঘটবে। মজার মাঝে দুর্বিষহ অভিজ্ঞতা যে হতে পারে, তা কল্পনাতীত।' 

পাত্র ও পাত্রী জানিয়েছেন, পোড়া দাগ মেকআপ দিয়ে কোনও মতে ঢেকে রেখেছিলেন তাঁরা। পোড়া চুলের অংশ কেটে বাদ দিয়ে দেন। একটি ভিডিওতে দেখা গেছে, হাইড্রোজেন বেলুন হাতে নিয়ে বিয়ের আসরে প্রবেশ করেন তাঁরা। সেই সময়েই বেলুনের কাছে রঙিন বন্দুক ফাটানো হয়। গরমের কারণে পরপর বেলুনে বিস্ফোরণ ঘটে। 

পরিকল্পনা ছিল, আগে হাইড্রোজেন বেলুন উড়িয়ে দেওয়া হবে। তারপর রঙিন বন্দুক ফাটানো হবে। কিন্তু হুল্লোড়ের মাঝেই তাড়াহুড়ো এক সময়েই সেই বন্দুক ফাটানো হয়। দগ্ধ অবস্থায় তড়িঘড়ি করে পাত্র ও পাত্রীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রাথমিক চিকিৎসার পর তাঁরা ছাড়া পান। যদিও নির্দিষ্ট দিনেই বিবাহবন্ধনে আবদ্ধ হন‌ নবদম্পতি।