আজকাল ওয়েবডেস্ক: ইনস্টাগ্রামে শিশু যৌন শোষণ ও নির্যাতন সংক্রান্ত কনটেন্ট প্রচারের অভিযোগে মেটা-কে কড়া নোটিস পাঠিয়েছে কেন্দ্র সরকার। সূত্রের খবর, ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রক ইনস্টাগ্রামকে অবিলম্বে এই ধরনের সমস্ত বিজ্ঞাপন ও কনটেন্ট সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে। পাশাপাশি, কীভাবে এমন বিজ্ঞাপন প্ল্যাটফর্মের অনুমোদন পেয়ে প্রকাশিত হল, তার বিস্তারিত ব্যাখ্যা ৭ দিনের মধ্যে জমা দিতে বলা হয়েছে।


সরকারের এই পদক্ষেপ এসেছে অনলাইনে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্টের প্রচার ও বিস্তার রুখতে চলা অভিযানের অংশ হিসেবে। কেন্দ্র স্পষ্ট জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মগুলিকে শিশুদের সুরক্ষার ক্ষেত্রে আরও কঠোর এবং দায়িত্বশীল হতে হবে।


এই বিতর্কের সূত্রপাত একটি  বিবিসি আই-র অনুসন্ধানী প্রতিবেদনের পর। ওই তদন্তে দাবি করা হয়, ইনস্টাগ্রামে এমন কিছু পেইড বিজ্ঞাপন দেখা গিয়েছিল, যেখানে বিতর্কিত শব্দ ব্যবহার করা হচ্ছিল। অভিযোগ, এই বিজ্ঞাপনগুলিতে ক্লিক করলে ব্যবহারকারীরা টেলিগ্রামের বিভিন্ন চ্যানেলে পৌঁছে যাচ্ছিলেন, যেখানে মাত্র ৯৯ টাকা থেকে শিশু যৌন নির্যাতনের ভিডিও বিক্রির প্রস্তাব দেওয়া হচ্ছিল।


বিবিসি-র দাবি, এই বিজ্ঞাপনগুলি ইনস্টাগ্রামের নিজস্ব কনটেন্ট মডারেশন ব্যবস্থা পেরিয়েই প্রকাশিত হয়েছিল। অর্থাৎ প্ল্যাটফর্মের নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও এমন গুরুতর কনটেন্ট ধরা পড়েনি।


তদন্তের অংশ হিসেবে বিবিসি ভারতে একটি ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে। প্রথমে সেই অ্যাকাউন্ট থেকে যৌন ইঙ্গিতপূর্ণ কিছু প্রোফাইল অনুসরণ করা হয়, যাতে ইনস্টাগ্রামের রেকমেন্ডেশন সিস্টেম কীভাবে কাজ করে তা বোঝা যায়। কয়েক দিনের মধ্যেই সেই অ্যাকাউন্টে ভিডিও কল, প্রাপ্তবয়স্কদের যৌন কনটেন্ট এবং পরে শিশুদের নিয়ে আপত্তিকর বিজ্ঞাপন দেখানো শুরু হয় বলে দাবি করা হয়েছে।


প্রতিবেদন অনুযায়ী, তদন্তে প্রায় ৩০টি আলাদা বিজ্ঞাপন শনাক্ত করা হয়েছে, যেগুলি শিশু যৌন নির্যাতন সংক্রান্ত কনটেন্টের প্রচার করছিল বলে অভিযোগ। এছাড়াও প্রায় ২০টি প্রাপ্তবয়স্ক পর্নোগ্রাফি-সংক্রান্ত বিজ্ঞাপনও দেখা যায়।


বিবিসি আরও জানায়, কিছু বিজ্ঞাপনে অল্পবয়সি শিশুদের যৌন ইঙ্গিতপূর্ণ অবস্থায় দেখানো হয়েছিল, আবার কোথাও টেলিগ্রাম চ্যানেলে যোগ দেওয়ার আহ্বান জানানো হচ্ছিল। এমনকি একটি বিজ্ঞাপনে এক কিশোরীকে যৌন নির্যাতনের শিকার হয়েছে বলে ইঙ্গিত করা হয়েছিল বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


এই অভিযোগ সামনে আসার পর মেটা জানায়, বিবিসি-র প্রশ্ন পাওয়ার আগেই তারা কিছু বিজ্ঞাপন সরিয়ে দিয়েছিল এবং সংশ্লিষ্ট অ্যাকাউন্টগুলি নিষ্ক্রিয় করেছিল। পরে আরও বিজ্ঞাপন, একাধিক অ্যাকাউন্ট এবং নীতিভঙ্গকারী বিভিন্ন লিঙ্কও সরিয়ে দেওয়া হয়েছে বলে দাবি করে সংস্থাটি।


মেটার বক্তব্য, "কোনও সিস্টেমই শতভাগ নিখুঁত নয়।" সংস্থাটি জানিয়েছে, বিজ্ঞাপন প্রকাশের পরেও তারা স্বয়ংক্রিয় প্রযুক্তির মাধ্যমে নিয়মিত নজরদারি চালায় এবং ব্যবহারকারীদের রিপোর্টের ভিত্তিতেও দ্রুত ব্যবস্থা নেয়। 


এদিকে কেন্দ্র সরকার এখন মেটার আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। সূত্রের দাবি, ৭ দিনের মধ্যে ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি ইনস্টাগ্রাম থেকে শিশু যৌন নির্যাতন সংক্রান্ত সমস্ত বিজ্ঞাপন ও কনটেন্ট সম্পূর্ণভাবে অপসারণের নির্দেশও দেওয়া হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে অনলাইন প্ল্যাটফর্মগুলির কনটেন্ট নজরদারি ও শিশু সুরক্ষা ব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে।