আজকাল ওয়েবডেস্ক: গোয়ার সমুদ্রসৈকতে ছড়িয়ে থাকা ভাঙা কাচের বোতলের টুকরোয় আহত হচ্ছেন অনেক পর্যটক। এই মর্মে জমা পড়েছে অনেক অভিযোগ। এবার পর্যটকদের এই আহত হওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ নিতে চলেছে গোয়া সরকার। বৃহস্পতিবার বিধানসভায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে নেওয়া হল এক বিরাট সিদ্ধান্ত। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ন্ত জানান, সমুদ্রসৈকতের কাছাকাছি থাকা ওয়াইন স্টোরগুলিতে বিয়ার বা মদের ক্ষেত্রে কাচের বোতল বিক্রি নিষিদ্ধ করার বিষয়ে ভাবনাচিন্তা করছে সরকার। তবে বিচের ধারে বসে বিয়ার খাওয়ায় কোনও রকম নিষেধাজ্ঞা জারি করা হবে না।

তবে তার পরিবর্তে প্লাস্টিকের বোতল কিংবা ক্যানে মদ বা বিয়ার বিক্রির ব্যবস্থা চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার এই বিষয়টি বিধানসভায় তোলেন বিজেপি বিধায়ক মাইকেল লোবো। তিনি অভিযোগ করেন, বিচের ধারে বসে বিয়ার ক্ষেত্রে অনেক সময় সেখানেই বোতল ফেলে যাচ্ছেন পর্যটকরা। সেক্ষেত্রে সৈকতের বালির মধ্যে ছড়িয়ে থাকা ভাঙা কাচের বোতলে প্রায়ই আহত হচ্ছেন অনেকে। সম্প্রতি, এমন একাধিক খবর সামনে এসেছে। এই ঘটনার প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী বলেন, ‘সমুদ্রতট সংলগ্ন ওয়াইন স্টোরগুলি থেকে কাচের বোতল বিক্রি বন্ধ করে ক্যান বিক্রি চালু করার ভাবনা রয়েছে সরকারের’।

আরও পড়ুন: পেটে সন্তান জেনেও লাথি, মাটিতে ফেলে মারধোর! ‘আমি না মরলে, মেরে ফেলবে ওরা’, মা’ কে মেসেজ করেই ওই কাজ করে বসলেন মেয়ে

এখানেই শেষ নয়, বিচের ধারে বোতল পড়ে থাকার ঘটনা কমাতে নয়া এক নিয়ম চালু করার ভাবনা চিন্তা করা হচ্ছে, এদিন সরকারের তরফে বিধানসভায় জানানো হয়েছে এমনটাও। জানা গিয়েছে, পরিবেশ দপ্তরের তরফে ইতিমধ্যেই নয়া একটি প্রকল্প তৈরির করার প্রক্রিয়া চলছে। জানা গিয়েছে, এই প্রকল্পের আওতায় ওয়াইন স্টোরগুলিকে বাধ্যতামূলকভাবে ‘ডিপোজিট ফি’ নিতে হবে ক্রেতার কাছ থেকে। পরে বোতল ফেরত দিলে সেই অর্থ ফেরত দেওয়া হবে। সেক্ষেত্রে বিচের ধারে বসে বিয়ার বা মদ পান করলেও ডিপোজিট ফি-এর জন্য বোতল ফেলবেন না ক্রেতারা।

তা দোকানে ফেরত আসায় বিচের ধারে বোতল পড়ে থাকার ঘটনা কমবে অনেকটাই। পর্যটনমন্ত্রী রোহন খাউন্তে জানান, সমুদ্রতটে আবর্জনা ফেলার ঘটনাকে আইনের আওতায় ‘নিউজেন্স’ বা অসামাজিক কার্যকলাপ হিসেবে বিবেচনা করা হয়েছে। এর জন্য ৫,০০০ থেকে ৫০,০০০ টাকা পর্যন্ত জরিমানা ধার্য রয়েছে। তিনি বলেন, ‘সমস্যাটা অন্য জায়গায়। যারা দোকান থেকে মদ কেনেন তারা প্রকাশ্যে পান করা নিষিদ্ধ জেনেও আইনের তোয়াক্কা না করে খোলা জায়গায় পান করছেন’। পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সৈকতের পরিবেশ রক্ষা করতে নয়া এই প্রকল্পটি খুব শীঘ্রই বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হবে ও কার্যকর করা হবে বলে জানান মন্ত্রী।

আরও পড়ুন: পুজোর আগেই সুরা প্রেমীদের মাথায় হাত! বন্ধ হতে চলেছে বিষাদ ঘেরা সন্ধ্যার বিশ্বস্ত 'বন্ধু' ওল্ড মংক? জোর জল্পনা