আজকাল ওয়েবডেস্ক: বিশ্ববাজারে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ভূ-রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। ফলত, দেশের বাজারেও ক্রমাগত বাড়ছে বাণিজ্যিক এবং গৃহস্থালির রান্নার গ্যাস ও সিএনজি-এর দাম। গত ১ জুন রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলির মাসিক পর্যালোচনার পর বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ফের বাড়ানো হয়েছে। তবে সাধারণ মধ্যবিত্তে খানিক স্বস্তিতে। আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে গৃহস্থালির ১৪.২ কেজি এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম।
১ জুন সরকারি তরফে মূল্য সংশোধনের পর, দিল্লিতে ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ৪২ টাকা। কলকাতায় দাম বেড়ে হয়েছে ৫৩.৫ টাকা। এছাড়া দিল্লির বাজারে ৫ কেজির ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম ১১ টাকা বেড়ে হয়েছে ৮২১.৫ টাকা। অন্যদিকে, গত মার্চ মাসের শুরুতে এক ধাক্কায় ৬০ টাকা বেড়েছে। তার পর থেকে দিল্লিতে গৃহস্থালির ১৪.২ কেজির সিলিন্ডারের দাম ৯১৩ টাকা হয়েছে।
চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ইরান-এর ওপর মার্কিন-ইজরায়েল যৌথ হামলা এবং তার জবাবে তেহরানের পাল্টা পদক্ষেপের পর থেকেই আন্তর্জাতিক বাজারে জ্বালানির দামে ব্যাপক হারে বেড়েছে। বিশ্বজুড়ে তেল ও গ্যাস সরবরাহের অন্যতম প্রধান মাধ্যম 'হরমুজ প্রণালী'। সেই প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় ভারতের মতো আমদানিনির্ভর দেশগুলি চরম সঙ্কটে পড়েছে। উল্লেখ্য, এই সঙ্কটের আগে ভারত তার প্রয়োজনীয় অপরিশোধিত তেলের ৪০ শতাংশেরও বেশি এবং এলপিজি-র প্রায় ৯০ শতাংশই হরমুজ প্রণালী দিয়ে মধ্য এশিয়া থেকে আমদানি করত।
জ্বালানি ও গ্যাসের দর (৫ জুন):
স্থানীয় কর এবং ভ্যাট-এর তারতম্যের কারণে বিভিন্ন শহরে জ্বালানি ও গ্যাসের দাম আলাদা। যেমন-
গৃহস্থালির ১৪.২ কেজি রান্নার গ্যাসের দাম
দিল্লি ৯১৩.০০ টাকা
কলকাতা ৯৩৯.০০ টাকা
মুম্বই ৯১২.৫০ টাকা
চেন্নাই ৯২৮.৫০ টাকা
হায়দরাবাদ ৯৬৫.০০ টাকা
বেঙ্গালুরু ৯১৫.৫০ টাকা
বাণিজ্যিক ১৯ কেজি গ্যাস সিলিন্ডারের দাম
দিল্লি ৩,১১৩.৫০ টাকা
কলকাতা ৩,২৫৫.৫০ টাকা
মুম্বই ৩,০৬৭.৫০ টাকা
চেন্নাই ৩,২৮৩.০০ টাকা
হায়দরাবাদ ৩,৩৬৭.০০ টাকা
বেঙ্গালুরু ৩,১৯৮.০০ টাকা
সিএনজি ও পিএনজি এর দাম:
গত ২৬ মে সিএনজির দাম প্রতি কেজিতে ২ টাকা বাড়ানো হয়েছিল। ১৫ মে-র পর এই নিয়ে চতুর্থবার দাম বাড়ানো হয়েছিল। এর ফলে মে মাসেই সিএনজির দাম মোটের ওপর কেজিতে ৬ টাকা বেড়েছে।
দিল্লি: সিএনজি ৮৩.০৯ পিএনজি ৪৭.৯০ টাকা প্রতি এসসিএম।
কলকাতা: সিএনজি ৯৩.৫০ টাকা প্রতি কেজি। পিএনজি ৫০.০০ টাকা প্রতি এসসিএম।
মুম্বই: সিএনজি ৮৬.০০ টাকা প্রতি কেজি। পিএনজি ৫০ টাকা প্রতি এসসিএম।
চেন্নাই: সিএনজি ৯৫.০০ টাকা প্রতি কেজি। পিএনজি ৫০.০০ টাকা প্রতি এসসিএম।
হায়দরাবাদ: সিএনজি ৯৭.০০ টাকা প্রতি কেজি। পিএনজি ৫১.০০ টাকা প্রতি এসসিএম।
বেঙ্গালুরু: সিএনজি ৯৫.০০ টাকা প্রতি কেজি। পিএনজি ৫২.০০ টাকা প্রতি এসসিএম।
সরকারি সূত্রে জানা গিয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যাওয়ার কারণে ভারতের বাজারেও তার প্রভাব পড়েছে। দেশে একটি ১৪.২ কেজির গৃহস্থালি সিলিন্ডার সরবরাহের খরচ সাম্প্রতিক মাসগুলিতে প্রায় দুই-পঞ্চমাংশ অর্থাৎ ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালীতে সঙ্কটের জেরে এপ্রিলে প্রোপেনের 'সৌদি চুক্তি মূল্য' এক ধাক্কায় ৩৮ শতাংশ বেড়ে গিয়েছে। এত কিছুর পরেও খুচরো বাজারে সাধারণ মানুষের জন্য দাম বাড়ায়নি সরকার। তেল সংস্থাগুলি বিপুল আর্থিক চাপ সহ্য করে বাণিজ্যিক গ্যাসের দাম বাড়িয়েছে। কিন্তু সাধারণ গ্রাহকদের বিশ্ববাজারের এই অস্থিরতা থেকে আড়াল করেই রাখা হয়েছে। সরকারি আধিকারিকদের দাবি, আন্তর্জাতিক বাজারে দাম বাড়া সত্ত্বেও প্রতিবেশী দেশগুলির তুলনায় ভারতে গৃহস্থালির গ্যাসের দাম এখনও অনেকটাই কম।
















