আজকাল ওয়েবডেস্ক: ঘরদোর সাফ করা আজকাল অত্যন্ত সাধারণ বিষয়। কিন্তু অনেক সময়ই এইসব কাজের ক্ষেত্রে সামান্য অসতর্কতা চরম বিপদ ডেকে আনে। সম্প্রতি তেমনই এক হাড়হিম করা ঘটনা সামনে এসেছে।
পুরো ঘটনাটি ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়। সেখানে দেখা যাচ্ছে, এক মহিলা অন্যান্য দিনের মতোই নিজের বাড়িতে ফ্রিজ পরিষ্কার করছিলেন। ফ্রিজটি তখন চালু ছিল। এর মধ্যেই যে বিপদ লুকিয়ে, তা বিন্দুমাত্র টের না পেয়েই তিনি নিজের মনে কাজ করছিলেন।
সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ফ্রিজ মোছার সময়ই আচমকা ওই মহিলা বিদ্যুৎস্পৃষ্ট হন। বিদ্যুতের মাত্রা এতটাই জোরালো ছিল যে তিনি সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন, আর সামলে ওঠার সুযোগটুকুও পাননি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর।
প্রসঙ্গত, অনেকেই বৈদ্যুতিক জিনিসপত্র ব্যবহারের নিয়মনীতি নিয়ে মাথা ঘামান না, ফলে এর পেছনের বিপদকেও পাত্তা দেন না। ফ্রিজ, ওয়াশিং মেশিন বা মিক্সার- চালু অবস্থায় এগুলির ভেতরে কোনওরকম যান্ত্রিক গলদ বা তারের জোড় আলগা থাকলে, তা মুহূর্তে প্রাণঘাতী হয়ে উঠতে পারে।
সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি প্রকাশ্যে আসতেই নেটিজেনরা আলোচনায় মেতেছেন। অধিকাংশেরই এক কথা- জল আর বিদ্যুৎ কখনই একসঙ্গে হতে পারে না। তাই পরিষ্কার করার আগে মেইন সুইচ বন্ধ করা এবং প্লাগ খুলে নেওয়াটাই সবচেয়ে বড় দায়িত্ব।
অনেকেই লিখেছেন, সুরক্ষাই আসল। সামান্যতম অসাবধানতাও মৃত্যুর কারণ হতে পারে। আবার অনেকের মতে, প্লাগ পুরোপুরি খুলে কাজ করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ, কারণ তাতে দুর্ঘটনার কোনও আশঙ্কাই থাকে না। নেটপাড়ার সমস্ত মন্তব্যের একটাই নির্যাস- চালু অবস্থায় কোনও বৈদ্যুতিক জিনিসে হাত দেওয়া একেবারেই উচিত নয়।















