আজকাল ওয়েবডেস্ক: মঙ্গলবার নতুন করে অশান্তি শুরু হল নয়ডায়। মঙ্গলবার সকালে নয়ডার সেক্টর ৮০–তে নতুন করে অশান্তির ঘটনা সামনে চলে এল। সেখানে শ্রমিকরা বিক্ষোভ প্রদর্শন করছেন। বিক্ষোভকারীদের সরাতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইট, পাথর ছোড়া হয় বলে অভিযোগ। আহুজা কারখানার কর্মীরা মঙ্গলবার সকাল থেকেই বিক্ষোভ শুরু করেছেন। তাঁদের অনেকেরই দাবি, সরকার যে পরিমাণ বেতন বৃদ্ধির কথা বলেছে, তাতে তাঁরা সন্তুষ্ট নন। তাঁদের আরও দাবি, কারখানার গেটের সামনে সরকার ঘোষিত বেতনের বৃদ্ধির হারের তালিকা টাঙাতে হবে। ন্যূনতম বেতন ২০ হাজার টাকার কম যেন কোনওভাবেই না হয়। এর পাশাপাশি, ওভারটাইমের জন্য মজুরি বাড়ানো, সপ্তাহে নির্দিষ্ট একদিন ছুটির দাবি নিয়েও বিক্ষোভ চলছে। এই সমস্ত দাবিতে ফের শুরু হয়েছে বিক্ষোভ।
এটা ঘটনা, শ্রমিক বিক্ষোভের পর সোমবারই রাজ্য সরকার শ্রমিকদের ন্যূনতম বেতন বাড়ানোর কথা ঘোষণা করেছিল। সর্বোচ্চ তিন হাজার টাকা বৃদ্ধির কথাও জানানো হয়। নয়া বেতন ১ এপ্রিল থেকে কার্যকর হবে।
এদিকে, বিক্ষোভকারী শ্রমিকরা দাবি তুলেছেন, দক্ষ এবং অদক্ষ শ্রমিকদের একই হারে বেতন বাড়ানো হয়েছে। এমনকী কর্মীদের ন’মাস কাজ করিয়ে ছাঁটাই করে দেওয়া হচ্ছে। সেখানে নতুন কর্মী আনা হচ্ছে যাতে বেতন বৃদ্ধি করতে না হয়। এই দাবিগুলি নিয়েই মঙ্গলবার সকাল থেকে আবার নতুন করে অশান্তি ছড়িয়েছে নয়ডার সেক্টর ৮০ এলাকায়।
এটা ঘটনা, সরকারের নির্ধারিত অন্তর্বর্তী হারে গৌতম বুদ্ধ নগর এবং গাজিয়াবাদ জেলায় আনস্কিলড শ্রমিকদের জন্য ১৩,৬৯০ টাকা, সেমিস্কিলড শ্রমিকদের জন্য ১৫,০৫৯ টাকা এবং স্কিলড শ্রমিকদের জন্য ১৬,৮৬৮ টাকা নির্ধারণ করা হয়েছে। যা নিয়ে খুশি নন শ্রমিকরা।
এদিকে, পুলিশ সূত্রে জানা গেছে, পরিস্থিতি যাতে নতুন করে উত্তপ্ত না হয়, তার জন্য নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে শহরের বেশির ভাগ জায়গা। টহল দিচ্ছে পুলিশ। তবে রাস্তায় যান চলাচল স্বাভাবিক হয়েছে। দিল্লি–নয়ডা সংযোগকারী রাস্তায় মঙ্গলবার যান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে আম্বেদকর জয়ন্তীর জন্য কিছু রাস্তার ক্ষেত্রে নির্দেশিকা জারি করেছে ট্র্যাফিক।
















