আজকাল ওয়েবডেস্ক: অরুণাচল প্রদেশের দিবাং উপত্যকায় বেড়াতে গিয়ে রিসর্ট কর্মীদের চরম হেনস্থা ও গালিগালাজ করার অভিযোগ উঠল গুজরাটের এক পরিবারের বিরুদ্ধে। ঘটনার ভিডিও সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই শোরগোল শুরু হয়েছে। ইতিমধ্যেই ওই পরিবারের চার সদস্যের বিরুদ্ধে পুলিশে অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে গত ২০ ফেব্রুয়ারি আনিনির ‘মিশমি হিলস রিসর্ট’-এ। পুলিশ সূত্রে খবর, ১৮ ফেব্রুয়ারি গুজরাট থেকে আসা ওই পরিবারটি সেখানে থাকতে শুরু করেন। রিসর্ট কর্তৃপক্ষের দাবি, বাইরে থেকে আনা খাবার বা মদ ভেতরে খাওয়া যে নিষিদ্ধ, তা তাঁদের আগেভাগেই জানানো হয়েছিল। কিন্তু অভিযোগ, গত ২০ ফেব্রুয়ারি নিয়ম ভেঙে পরিবারের সদস্যরা বাইরে থেকে মদ নিয়ে এসে খেতে শুরু করেন। কর্মীরা তাতে বাধা দিতে গেলেই শুরু হয় বিপত্তি।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের নাম আস্থা দেবেন্দ্রকুমার প্যাটেল, ধ্রুব দেবেন্দ্রকুমার প্যাটেল, স্মিতা এবং দেবেন্দ্রকুমার প্যাটেল। এফআইআর অনুযায়ী, আস্থা ও ধ্রুব রিসর্টের মহিলা কর্মীদের লক্ষ্য করে কুরুচিকর ও অশ্লীল মন্তব্য করেছেন। এমনকী ধ্রুব এক কর্মীকে মারধর করারও চেষ্টা করেন। শুধু তাই নয়, রিসর্টের নিয়ম লেখা বোর্ডটি তাঁরা ভেঙে ফেলেন এবং রিলায়েন্সের মতো বড় সংস্থার সঙ্গে তাঁদের ‘প্রভাবশালী যোগাযোগ’ আছে বলে হুমকি দেন।

রিসর্টের ম্যানেজিং ডিরেক্টর চিমি লিঙ্গি জানিয়েছেন, কর্মীরা অত্যন্ত ভদ্রভাবে তাঁদের বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পর্যটকরা উল্টে তাঁদের ওপর বর্ণবিদ্বেষী মন্তব্য ও গালিগালাজ করেন। ঘটনার জেরে রিসর্টের তরুণ কর্মীরা রীতিমতো আতঙ্কিত।

দিবাং উপত্যকার পুলিশ সুপার জানিয়েছেন, ভিডিওটি ভাইরাল হওয়ার পর পুলিশ তদন্তে নামে। ২১ ফেব্রুয়ারি সকালেই অভিযুক্তরা রিসর্ট ছেড়ে চলে গিয়েছেন। তাঁদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ধারা ছাড়াও তফশিলি জাতি ও উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনে মামলা রুজু করা হয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে।