আজকাল ওয়েবডেস্ক: আগামী সপ্তাহেই শুরু হচ্ছে নতুন মাস। ১ জুলাই থেকে ভারতের সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেন এবং ব্যাঙ্কিং ব্যবস্থায় বেশ কিছু বড় ধরণের পরিবর্তন আসতে চলেছে। করদাতা, ক্রেডিট কার্ড ব্যবহারকারী, ব্যাঙ্ক গ্রাহক এবং পাসপোর্টের জন্য আবেদনকারীদের ক্ষেত্রে এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।
এক নজরে দেখে নেওয়া যাক কী কী গুরুত্বপূর্ণ বদল আসছে:
১। আইটিআর বা আয়কর রিটার্ন ফাইল করার সময়সীমা
যাঁরা আইটিআর-১ এবং আইটিআর-২ ফর্মের মাধ্যমে আয়কর রিটার্ন দাখিল করেন, তাঁদের জন্য ২০২৫-২৬ অর্থবর্ষের রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী ৩১ জুলাই। এই নির্দিষ্ট সময়সীমা পেরিয়ে গেলে মোটা অঙ্কের জরিমানা বা লেট ফি দিতে হতে পারে। এছাড়া, দেরিতে রিটার্ন ফাইল করলে নিজেদের পছন্দ অনুযায়ী ট্যাক্স রেজিম (পুরনো বা নতুন কর কাঠামো) বেছে নেওয়ার সুযোগও মিলবে না। ফলে ব্যবসায়িক ক্ষতি পরবর্তী বছরগুলিতে চালু থাকার যে সুযোগ, তা-ও হাতছাড়া হবে।
২। আধার কার্ডে বিনামূল্যে ইমেইল আপডেট
আধার কার্ড ব্যবহারকারীদের জন্য রয়েছে স্বস্তির খবর। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (ইউআইডিএআই) জানিয়েছে, ১ জুলাই থেকে আধার কার্ডে ইমেইল আইডি রেজিস্টার বা আপডেট করার জন্য প্রযোজ্য ৭৫ টাকার ফি সাময়িকভাবে মকুব করা হয়েছে। আগামী ছ'মাস অর্থাৎ ৩১ ডিসেম্বর পর্যন্ত আধার মোবাইল অ্যাপের মাধ্যমে এই পরিষেবা সম্পূর্ণ বিনামূল্যে পাবেন উপভোক্তারা।
৩। এসবিআই ক্রেডিট কার্ডের নিয়মে বদল
এসবিআই কার্ডস কিছু নির্দিষ্ট 'ফোন পে এসবিআই ক্রেডিট কার্ড' এর রিওয়ার্ড পয়েন্ট প্রোগ্রামের ক্ষেত্রে পরিবর্তন আনতে চলেছে। যা কার্যকর হবে ১ জুলাই থেকে। এর ফলে 'ফোন পে এসবিআই ক্রেডিট কার্ড পার্পল' এবং 'সিলেক্ট ব্ল্যাক' কার্ড ব্যবহারকারীদের রিওয়ার্ড পয়েন্ট অর্জনের সর্বোচ্চ সীমা বেধে দেওয়া হয়েছে। পাশাপাশি, বেশ কিছু লেনদেনকে রিওয়ার্ড পয়েন্টের আওতা থেকে একেবারে বাদ দিয়ে দেওয়া হয়েছে।
৪। এইচডিএফসি ক্রেডিট কার্ডে লাউঞ্জ অ্যাক্সেস
বেসরকারি এইচডিএফসি ব্যাঙ্কও তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে এয়ারপোর্টের ডোমেস্টিক লাউঞ্জ ব্যবহারের নিয়মে বদল আনতে চলেছে। সেটিও কার্যকর হবে ১ জুলাই থেকে। ওই কার্ড ব্যবহারকারীদের প্রতি তিন মাসে সর্বোচ্চ তিনটি ফ্রি ডোমেস্টিক লাউঞ্জ ভিজিট ব্যবহার করতে পারবেন। তবে শর্ত, তার ওই এর ঠিক আগের কোয়ার্টারে কার্ডের মাধ্যমে ন্যূনতম ৬০ হাজার টাকা খরচ করতে হবে তাঁকে।
৫। পাসপোর্টের খরচ বাড়ছে
দীর্ঘ ১৪ বছর পর ১ জুলাই থেকে পাসপোর্ট তৈরির খরচ বেশ খানিকটা বাড়তে চলেছে। সাধারণ এবং তৎকাল-উভয় মাধ্যমেই আবেদনকারীদের নতুন ফি কাঠামো মেনে টাকা দিতে জমা দিতে হবে। জানানো হয়েছে, ৩৬ পাতার সাধারণ পাসপোর্ট-এর জন্য খরচ ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২৫০০ টাকা করা হচ্ছে। ৩৬ পাতার তৎকাল পাসপোর্টের খরচ ৩৫০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হচ্ছে। অন্য দিকে, ৬০ পাতার সাধারণ পাসপোর্টের ফি ২০০০ থেকে বাড়িয়ে ৩৫০০ টাকা এবং তৎকালের ফি ৪০০০ থেকে বাড়িয়ে ৬০০০ টাকা করা হচ্ছে। তবে এ ক্ষেত্রে ১০ শতাংশ ছাড় পাবেন ৮ বছরের কম বয়সী শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বের প্রবীণ নাগরিকেরা।
৬। ব্যাঙ্ক পণ্যের 'মিস-সেলিং' রুখতে আরবিআই-এর নিয়মঃ
গ্রাহকদের স্বার্থ সুরক্ষিত করতে আরবিআই বড় পদক্ষেপ করবে। অনেক সময় নানা ব্যাঙ্ক গ্রাহকদের ভুল বুঝিয়ে বিভিন্ন আর্থিক প্রকল্প বা বিমা সংক্রান্ত প্রোডাক্ট বিক্রি করে, যাকে বলা হয় 'মিস-সেলিং'। এ বার আরবিআই-এর নতুন নির্দেশিকা অনুযায়ী, কোনও গ্রাহক যদি এই ধরনের প্রতারণার শিকার হন, তবে ব্যাঙ্ক তাঁকে পুরো টাকা ফেরত দিতে বাধ্য থাকবে। গ্রাহকের কোনও ক্ষতি হলে দিতে হবে তার ক্ষতিপূরণও। এই বিধি কার্যকর হবে ১ জুলাই থেকে।














