আজকাল ওয়েবডেস্ক: সময়টা ১৯৯৬। দেশের অন্যতম সফল শিল্পপতি চিঠি লিখলেন, নিজের হাতে। লিখলেন, 'প্রত্যেক ভারতীয় আপনার কাছে ঋণী।' কাকে লিখেছিলেন জানেন? হর্ষ গোয়েঙ্কা জানালেন সেকথা।

 

প্রয়াত রতন টাটার প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে, আরপিজি গ্রুপের চেয়ারম্যান হর্ষ গয়েঙ্কা রতন টাটার হাতে লেখা ওই চিঠি সামনে এনেছেন। ওই চিঠি প্রাক্তন প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাওকে লিখেছিলেন প্রয়াত শিল্পপতি। দেশে অত্যন্ত প্রয়োজনীয় অর্থনৈতিক সূচনার ক্ষেত্রে নরসিমহা রাওয়ের অসামান্য কৃতিত্বের জন্য ধন্যবাদ জানিয়ে ওই চিঠি লিখেছিলেন টাটা। তাঁকে 'ভারতীয় অর্থনৈতিক সংস্কার'-এর জনক বলা হয়ে থাকে। তাঁর পদক্ষেপের কারণেই টাটা লিখেছিলেন, দেশবাসীর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত রাওয়ের প্রতি।

 

২৭ আগস্ট, ১৯৯৬ এর ওই চিঠিতে কী লিখেছিলেন শিল্পপতি? নরসিমহা রাওয়ের পদক্ষেপের প্রশস্তি কর রতন টাটা লিখেছিলেন, 'আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি, আপনার অ্যাচিভমেন্ট গুরুত্বপূর্ন, অসামান্য। সেগুলি কখনওই ভুলে যাওয়া উচিত নয়।' 

 

সঙ্গেই লেখেন, 'এই চিঠির উদ্দেশ্য, আপনাকে জানানো যে, আমার চিন্তাভাবনা এবং শুভকামনা এই সময়ে আপনার সঙ্গে আছে। অন্তত এমন একজন মানুষ আছে, যে ভোলেনি, কখনও ভুলবে না আপনি দেশের জন্য কী করেছেন।' 

 

এই চিঠিই প্রকাশ্যে এনেছেন হর্ষ গিয়েনকা। লিখেছেন, একজন অপূর্ব মানুষের, সুন্দর লেখা।