আজকাল ওয়েবডেস্ক: টেবিলের উপর রাখা বোতলে রাখা ছিল 'মদ'। এমনটাই ভেবেছিলেন বৃদ্ধ। 'মদ' ভেবেই ঢকঢক করে খেয়েও ফেলেন। মুহূর্তের মধ্যে লুটিয়ে পড়েন মেঝেতে। হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। কিছুক্ষণেই মৃত্যু হয় ৬৭ বছরের বৃদ্ধের। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, রবিবার ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পাউরি জেলায়। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম, ভগবান সিং। রবিবার পরিবারের সঙ্গে একটি বিয়েবাড়িতে গিয়েছিলেন। বিয়ের অনুষ্ঠানে গিয়ে দেদার মদ্যপান করেছিলেন। রাতে ছেলের মধ্যে মত্ত অবস্থায় বাড়ি ফিরছিলেন। কিন্তু বাড়ি ফেরার পর আবার টেবিলে রাখা বোতল থেকে 'মদ' খান ঢকঢক করে। তারপরেই ঘটে বিপত্তি। 

 

ভগবান সিংকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যান পরিবারের সদস্যরা। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। দেহটি ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। 

 

মৃত বৃদ্ধের পরিবার জানিয়েছে, বোতলের মধ্যে টয়লেট ক্লিনার রাখা ছিল। কিন্তু মদ্যপ অবস্থায় সেটি খেয়াল করেননি বৃদ্ধ। মদ ভেবে ঢকঢক করে টয়লেট ক্লিনার খেয়ে ফেলেছিলেন। এর জেরেই বিপত্তি ঘটে। অন্যদিকে উত্তরাখণ্ডে পাহাড়ি এলাকায় বিয়েবাড়িতে মদ পরিবেশন করা নিষিদ্ধ। নিষেধাজ্ঞা উড়িয়ে যারা মদ পরিবেশন করে, তাদের জরিমানা করা হয়। ওই বিয়ের অনুষ্ঠানে মদ পরিবেশন করাকে কেন্দ্র করে উত্তেজনাও ছড়িয়েছে উত্তরাখণ্ডে।