আজকাল ওয়েবডেস্ক: দেবস্মিতা পাল। দিল্লি বিশ্যবিদ্যালয়ের অধ্যাপিকা। দেশের রাজধানীতে উদ্ধার তাঁর দেহ। ভয়াবহতায় শিউরে উঠছেন সকলে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, দেবস্মিতার বয়স ৪৯। দিল্লি বিশ্ববিদ্যালয়ের শিবাজি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপিকা ছিলেন তিনি। থাকতেন পূর্ব দিল্লির বসুন্ধরা এনক্লেভের সত্যম অ্যাপার্টমেন্টে। সেখান থেকেই তাঁর দেহ উদ্ধার হয়েছে।
সংবাদমাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবার সকালের দিক থেকেই তালাবন্ধ ছিল। ঘটনা প্রসঙ্গে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর আড়াইটা নাগাদ, তাদের কাছে ফোন যায়। জানা গিয়েছে, দেবস্মিতা পালের বোন, দেবারতি পাল, ফোন করেন পুলিশকে। খবর পেয়েই পুলিশ পৌঁছয় ঘটনাস্থলে।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে বোঝা গিয়েছে, দেবস্মিতার মাথায় ভারি কিছু দিয়ে আঘাত করা হয়েছিল। থেঁতলে গিয়েছে মাথা। পাশাপাশি তাঁর হাতের শিরাও কাটা ছিল বলা তথ্য সূত্রের। পুলিশের প্রাথমিক অনুমান, খুন হয়েছেন অধ্যাপিকা। ইতিমধ্যে রজু হয়েছে খুনের মামলা। পুলিশ তদন্ত শুরু করেছে। তদন্তের স্বার্থে খতিয়ে দেখা হবে সিসিটিভি ফুটেজ, কথা বলা হতে পারে তাঁর পরিচিতজনেদের সঙ্গে।
দেহ উদ্ধারের পর, তা পাঠানো হয় লালবাহাদুর শাস্ত্রী হাসপাতালে। সেখানেই ময়ন্তদন্ত সম্পন্ন হবে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের পর, মৃত্যুর কারণ আরও স্পষ্ট হবে।















