দীক্ষা ভুঁইয়া: পাবলিক পরীক্ষায় প্রশ্নফাঁস ও অন্যান্য পরীক্ষা-সংক্রান্ত অপরাধের তদন্তে বিশেষ টাস্ক ফোর্স (এসটিএফ) গঠন করল দিল্লি পুলিশ। শুক্রবার জারি করা এক প্রেস নোটে জানানো হয়েছে, দিল্লি পুলিশের কমিশনারের অনুমোদনে ক্রাইম ব্রাঞ্চের অধীনে এই এসটিএফ গঠন করা হয়েছে।
পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অফ আনফেয়ার মিনস) অ্যাক্ট, ২০২৪-এর আওতায় প্রশ্নফাঁস এবং অন্যান্য পরীক্ষা-সংক্রান্ত অপরাধের দ্রুত, পেশাদার ও বিস্তৃত তদন্ত করবে এই বিশেষ টাস্ক ফোর্স।
এসটিএফ মূলত ইউপিএসসি (UPSC), স্টাফ সিলেকশন কমিশন (SSC), রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRBs), ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনেল সিলেকশন (IBPS), কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক ও দপ্তরের নিয়োগ পরীক্ষা, ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)-র পরীক্ষাসহ কেন্দ্রের বিজ্ঞপ্তি অনুযায়ী অন্যান্য পাবলিক পরীক্ষার সঙ্গে যুক্ত অপরাধের তদন্ত করবে।
শুধু তদন্তই নয়, মামলাগুলির দ্রুত বিচার নিশ্চিত করতে প্রসিকিউশন সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ও করবে এসটিএফ, যাতে দৈনন্দিন ভিত্তিতে বিচারপ্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া যায়।
এই বিশেষ টাস্ক ফোর্সের নেতৃত্বে থাকবেন দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি)। ক্রাইম ব্রাঞ্চের স্পেশাল কমিশনার অব পুলিশ এসটিএফ-এর সামগ্রিক তদারকি ও প্রশাসনিক নিয়ন্ত্রণে থাকবেন এবং কার্যকর তদন্ত ও মামলার নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় নির্দেশ জারি করবেন।
















