আজকাল ওয়েবডেস্ক: নিরাপত্তাজনিত কারণে শুক্রবার সকাল সাড়ে ৭টা থেকে দিল্লি মেট্রোর ১৭টি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC)। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই স্টেশনগুলিতে যাত্রীদের প্রবেশ ও প্রস্থান বন্ধ থাকবে বলে জানানো হয়েছে।

যে স্টেশনগুলি বন্ধ থাকবে সেগুলি হল লোক কল্যাণ মার্গ, রাজীব চক, প্যাটেল চক, রামকৃষ্ণ আশ্রম মার্গ, বারখাম্বা রোড, সুপ্রিম কোর্ট, সেবা তীর্থ, জনপথ, মান্ডি হাউস, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, আইটিও, দিল্লি গেট, ইন্দ্রপ্রস্থ, খান মার্কেট, জোর বাগ, শিবাজি স্টেডিয়াম এবং ঝান্ডেওয়ালান।

তবে দিল্লি মেট্রো রেল কর্তপক্ষ জানিয়েছে, রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়েট স্টেশনে শুধুমাত্র ইন্টারচেঞ্জ (লাইন পরিবর্তন) পরিষেবা চালু থাকবে। অর্থাৎ, যাত্রীরা এই তিনটি স্টেশনে ট্রেন পরিবর্তন করতে পারবেন, কিন্তু স্টেশনে প্রবেশ বা বের হওয়ার অনুমতি থাকবে না।

যাত্রীদের বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দিয়েছে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ। পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী নির্দেশ জারি করা হবে বলে জানানো হয়েছে।

সিজেপি-র প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থার কারণে বুধবার ও বৃহস্পতিবারও একই মেট্রো স্টেশনগুলো দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল। যার ফলে মধ্য দিল্লিতে অফিসগামী যাত্রী, শিক্ষার্থী ও অন্যান্য যাত্রীরা ভোগান্তির শিকার হন।

বৃহস্পতিবার প্রায় ১৪ ঘণ্টা বন্ধ থাকার পর সন্ধ্যা নাগাদ তিনটি স্টেশনের (সেন্ট্রাল সেক্রেটারিয়েট, মান্ডি হাউস ও রাজীব চক) প্রবেশপথ খুলে দেওয়া হয়। তবে অন্য স্টেশনগুলো বন্ধই থেকে যায়। তীব্র যানজটের মধ্যে অনেক যাত্রীকে তাঁদের যাতায়াতের পরিকল্পনা পরিবর্তন করতে হয়, বিকল্প পথ বেছে নিতে হয় অথবা সড়কপথের পরিবহনের ওপর নির্ভর করতে হয়।

এর আগে, সোমবারও প্রতিবাদের জেরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার কারণে পাঁচটি মেট্রো স্টেশন (জনপথ, রাজীব চক, প্যাটেল চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট ও সেবা তীর্থ) বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ রাখা হয়েছিল।