বিয়ের পিঁড়িতে বসার আগে পাত্র-পাত্রীর পছন্দ-অপছন্দ নিয়ে কম চর্চা হয় না। মতের অমিল হলেই বিয়ে বাতিল! সম্প্রতি, বিয়ের জন্য পাত্রী খোঁজার আগে দিল্লির এক যুবকের দাবি শুনে রীতিমতো চোখ কপালে ওঠার জোগাড় আত্মীয়-স্বজনদের। পরিবারের অভিযোগ, ওই যুবক সাফ জানিয়ে দিয়েছেন, তিনি বিয়ে করবেন তখনই, যদি পাত্রী সমকামী হয়।
ঘটনাটি ঘিরে এখন শোরগোল পড়েছে দিল্লির ওই এলাকায়। স্থানীয় সূত্রে খবর, ওই যুবকের এমন আজব আবদার শুনে প্রথমে পরিবারের লোকজন ভেবেছিলেন হয়তো ছেলে রসিকতা করছে। কিন্তু কয়েক দিন ধরে এই দাবিতে অটল থাকার পর এখন রীতিমতো চিন্তার ভাঁজ পড়েছে বাড়ির বড়দের কপালে। কিন্তু কেন এমন দাবি তাঁর? কেন সমকামী পাত্রীর খোঁজ করছেন তিনি, তা যদিও এখনও পর্যন্ত জানা যায়নি।
জানা গিয়েছে, ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পাড়া-প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয়স্বজন—সবাই ওই বাড়িতে ভিড় জমিয়েছেন। রসিকতা করে সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যে শুরু হয়েছে মিমের বন্যা। কেউ কেউ বলছেন, 'ভারতীয় বিয়ের বাজারে এমনিতেই কত অদ্ভুত চাহিদা থাকে, তার মধ্যে এসব! আবার কারওর কটাক্ষ, 'মেট্রোপলিটান ইন্ডিয়ার আধুনিক সম্পর্কের সংজ্ঞা বোধহয় এভাবেই বদলাচ্ছে!'
প্রসঙ্গত, ঘটনাটি সত্যি নাকি নিছকই ওই যুবকের ভাইরাল হওয়ার চেষ্টা, তা যদিও স্পষ্ট নয়। আপাতত, নেটপাড়ায় এই নিয়ে ব্যাপক চর্চা চলছে।
















