আজকাল ওয়েবডেস্ক: হোলিতে ছোট ছোট বেলুনে রঙ গোলা জল ভরে অন্যের গায়ে ছুঁড়ে খেলা করে অনেক মানুষ। দিল্লিতে, সেই খেলা ঘিরে তৈরি হয়েছে উত্তেজনা। সেই উত্তেজনার প্রকপে প্রাণ হারিয়েছেন এক যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ-পশ্চিম দিল্লির উত্তম নগরের জে জে কলোনি এলাকায়। পুলিশ সূত্রে বৃহস্পতিবার এই তথ্য জানা গিয়েছে।
মৃত যুবকের নাম তরুণ। তাঁর বয়স ২৬ বছর। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু, শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, হোলি খেলতে গিয়ে ঘটনাটির সূত্রপাত। পরিবারের সদস্যদের দাবি, একটি ১১ বছরের মেয়ে বাড়ির ছাদে দাঁড়িয়ে আত্মীয়দের লক্ষ্য করে জলের বেলুন ছুড়ে দেয়। বেলুনটি রাস্তায় পড়ে ফেটে যায়। সেই জলের কিছু অংশ পাশ দিয়ে যাওয়া অন্য পরিবারের তথা অন্য সম্প্রদায়ের এক মহিলার গায়ে লাগে।
এরপর সেই মহিলা ক্ষুব্ধ হয়ে ওঠেন। অভিযোগ, তিনি নাকি গালিগালাজ শুরু করেন এবং ঝামেলার সূত্রপাত করেন। পরে তিনি নিজের পরিবার ও নিজের সম্প্রদায়ের কয়েকজনকে ডেকে আনেন বলেও অভিযোগ উঠেছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, মৃত তরুণের দাদু মান সিংহ, যিনি সংঘর্ষে আহত হয়েছেন, জানান পরিস্থিতি প্রথমে শান্ত হয়ে গিয়েছিল বলে মনে হয়েছিল। কিন্তু পরে অন্য পরিবারের কয়েকজন আবার জড়ো হন। তখন বাড়ি ফেরার পথে তরুণের উপর হামলা চালানো হয় বলে অভিযোগ ওঠে।
তরুণের কাকা রমেশ জানান, তরুণ তখন বাড়ি ফিরছিলেন। ঝামেলার বিষয়ে তিনি কিছুই জানতেন না। গলিতে ঢুকতেই ৮-১০ জন মিলে তাঁর উপর হামলা চালান বলে অভিযোগ করা হয়। মারধর এতটাই ভয়াবহ ছিল যে শেষ পর্যন্ত চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। পাশাপাশি মৃতের পরিবারের আরও কয়েকজন সদস্যও আহত হয়েছেন।
পরিবারের এক মহিলা কথায়, সিসিটিভি ফুটেজ দেখলেই পুরো ঘটনার সত্যতা জানা যাবে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। জানিয়েছেন এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেক অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের আর্জিও।
এই ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মৃতের পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা উত্তম নগর থানার সামনে বিক্ষোভ দেখান। দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানাকে ঘিরেও বিক্ষোভ হয়। একটি হিন্দু রাজনৈতিক সংগঠনের সদস্যরাও সেখানে পৌঁছে বিক্ষোভে যোগ দেন। তাঁরা স্লোগান দিতে শুরু করেন এবং অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তারের দাবি তোলেন।
পরে কিছু বিক্ষোভকারী অভিযুক্তদের বাড়ির সামনে জড়ো হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কয়েকজন নাকি বাড়িতে হামলার চেষ্টা করে বলেও অভিযোগ। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এই উত্তেজনাকে ঘিরে জে জে কলোনি এলাকায় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। কিছু দোকানদারকে দোকান বন্ধ করতে বলার অভিযোগও উঠেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ইতিমধ্যে একটি এফআইআর দায়ের করেছে। কয়েকজনকে আটকও করা হয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। প্রত্যক্ষদর্শীদের বয়ানও নেওয়া হচ্ছে।
দ্বারকার অতিরিক্ত ডেপুটি কমিশনার অব পুলিশ নিহারিকা ভট্ট জানিয়েছেন, রঙ গোলা জলের বেলুন ছোড়াকে কেন্দ্র করেই ঝামেলার সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। পুরো ঘটনার তদন্ত চলছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।
পুলিশ জানিয়েছে, এলাকায় শান্তি ও স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে বাহিনী মোতায়েন থাকবে। বাসিন্দাদেরও গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রশাসনের তরফ থেকে করা হয়েছে।
